রাশিয়ান সসেজ টাইকুন পাভেল আন্তভ ভারতে হোটেলের জানালা দিয়ে পড়ে মারা গেছেন
ভারতের একটি হোটেলে রাশিয়ার এক রাজনীতিবিদের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবারে (২৫ ডিসেম্বর) পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার রায়গড়ের একটি হোটেলে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করার অভিযোগ ছিল। খবর বিবিসির।
এর দুইদিন আগে তার সঙ্গে থাকা আরেক সঙ্গীরও রহস্যজনক মৃত্যু ঘটেছে।
ভারত সরকার এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি। তবে ৬৫ বছর বয়সী এই ধনকুবেরের মৃত্যুকে স্থানীয় পুলিশ আত্মহত্যা বলেই দাবি করেছে।
চলতি বছরের জুন মাসের শেষের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বেসামরিক এলাকায় রাশিয়ার মিসাইল হামলার সমালোচনা করেন আন্তোভ। তবে পরে এটিকে 'ভুল বোঝাবুঝি' বলে এই সমালোচনার অভিযোগ নাকচ করেন তিনি।
রুশ গণমাধ্যমে বলা হয়েছে, আন্তোভ ভারতের রায়গড় শহরের একটি হোটেলের জানালা থেকে নিচে পড়ে যান।
এর আগে, শুক্রবারে (২৩ ডিসেম্বর) আন্তোভের সতীর্থ ভ্লাদামির বুদানভ একই হোটেলে মারা যান।
বিবিসি বলছে, ভারতের ওড়িশা রাজ্যের রায়গড়া দেশের ট্যুরিস্ট সার্কিটে মোটেই কোনও পরিচিত নাম নয়, কিন্তু গত বুধবার (২১ ডিসেম্বর) সেখানকারই হোটেল সাই ইন্টারন্যাশনাল-এ ওঠে চারজন রুশ নাগরিকের একটি দল, সঙ্গে ছিলেন তাদের ভারতীয় ট্যুর গাইড জিতেন্দ্র সিং।
পরে দলটির একজন সদস্য, ভ্লাদিমির বুদানভকে হোটেলের দোতলায় নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। সেসময় তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওয়াইনের অনেকগুলো খালি বোতল।
জিতেন্দ্র সিং রিপোর্টারদের বলেন, 'পাশে অনেক মদের বোতল পড়ে থাকা দেখে মনে হয়, তিনি মাত্রাতিরিক্ত মদ্যপান করেছেন।'
উড়িষ্যার সুপারিন্টেন্ডেন্ট বিবেকানন্দ শর্মা জানান, "স্ট্রোকের কারণে মারা যান বুদানভ। আর তার বন্ধু আন্তোভ 'তার মৃত্যুতে হতাশ হয়ে পড়েন।'"
এর ঠিক দুদিন পরে, হোটেলের নিচে পাভেল আন্তোভের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। কোলকাতায় কর্মরত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেই ইদামকিন রাশিয়ার সংবাদ সংস্থা তাস'কে জানান, 'পুলিশ এই মর্মান্তিক ঘটনাগুলোর সঙ্গে অপরাধের সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।'
উড়িষ্যা পুলিশের সাউথ ওয়েস্ট রেঞ্জের ডিআইজি রাজেশ পন্ডিত জানান, 'এই চারজনের দলটির মধ্যে দুজনের পরপর মৃত্যু হলেও তারা এর মধ্যে এখনও সন্দেহজনক কিছু খুঁজে পাননি।'
তিনি আরও বলেন, 'প্রাথমিক তদন্তে আমরা ধারনা করছি, তিনতলায় নিজের কক্ষ থেকে ঝাঁপ দিয়েই পাভেল আন্তোভ আত্মহত্যা করেছেন। আমরা তদন্তে অবশ্য সব সম্ভাবনাই খতিয়ে দেখছি এবং দূতাবাসের মাধ্যমে মৃতদের পরিবারের কাছে খবর পাঠিয়েছি।'
মিখাইল ও নাতালি নামে বাকি দুই রুশ পর্যটককেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রায়গড় ছাড়তে নিষেধ করা হয়েছে।
পাভেল আন্তোভ রাশিয়ার একজন ধনী ব্যবসায়ীও ছিলেন। মস্কোর পূর্বে অবস্থিত ভ্লাদামির শহরে পরিচিত একজন ব্যক্তি ছিলেন তিনি।
২০১৯ সালে ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, পাভেল আন্তোভের সম্পদের পরিমাণ প্রায় ১৪০ মিলিয়ন ডলার। রাশিয়ার ধনী আইনপ্রণেতাদের তালিকায় তার অবস্থান সবার শীর্ষে।
এটিই প্রথম রহস্যজনক মৃত্যু নয়
রাশিয়ার ভেতরে ও বাইরে যুদ্ধের সমালোচনা করা ব্যক্তির রহস্যজনক মৃত্যুর মধ্যে এটিই প্রথম নয়। এর আগেও অনেকের এমন মৃত্যু হয়েছে, যাদের অনেকেই খোলাখুলিভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেছেন।
যুদ্ধ শুরু পরেই কতিপয় রুশ ধনকুবেরের রহস্যজনক মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে রাশিয়ার বড় তেল কোম্পানি লুকওয়েল-এর প্রধান রাভিল মাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা যান।
