সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ; সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের ভিড়
সিলেটে আজ বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। বিশেষ করে, বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সকালে সিলেট নগরের সারদা হল কেন্দ্রে দেখা যায়, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নারীও ভোটের লাইনে দাঁড়ান।
ভোটের লাইনে দাঁড়িয়ে তোপখানা এলাকার সাথি রানী দাস বলেন, 'শান্তিপূর্ণভাবে ভোট দিতে সকালেই চলে এসেছি। ভোটের পরিবেশ খুব ভালো।'
কাজিরবাজার এলাকার বাসিন্দা শিউলি আক্তার বলেন, 'সকালে ঝামেলা কম হবে ভেবে এসেছিলাম। এখন দেখি দীর্ঘ লাইন।'
এদিকে, নগরের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালেই ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী তৈয়বুন্নেছা। আইডি কার্ড না থাকায় প্রথমে ভোট দিতে না পারলেও পরে ছেলে কার্ড এনে দিলে তিনি ভোট দেন।
সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তার সঙ্গে ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
ভোট দেওয়ার পর তিনি বলেন, 'সারাদেশে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, যা গোটা বিশ্ব দেখছে। এবারের নির্বাচন হবে ঐতিহাসিক। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।'
কোনো শঙ্কা দেখছেন না জানিয়ে তিনি বলেন, 'কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কাউকে যেন হয়রানি না করা হয়, সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি থাকা দরকার।'
এদিকে, সকাল ১০টায় সারদা হল কেন্দ্রে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের ভোট দেওয়ার কথা রয়েছে।
