নিহত মার্কিন সেনাদের ‘সম্মানে’ ইরানকে ‘কঠিন জবাব’ দেওয়া হয়েছে: নতুন হামলা প্রসঙ্গে ট্রাম্প
সম্প্রতি জর্ডান ও ইরাকে তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরানে সামরিক হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলাগুলোতে ইরানকে 'কঠিন জবাব' দেওয়া হয়েছে এবং নিহত সেনাদের 'সম্মানেই' এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, টানা নবম রাতের মতো তারা ইরানে নতুন করে হামলা চালিয়েছে।
তারা জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা রুখতেই তেহরানের সামরিক ঘাঁটি ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাবরিজ, চাবাহার, কোনারক, বন্দরমাহশহর এবং বন্দর ইমাম খোমেনিসহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে, হামলার পাল্টা জবাবে সিরিয়া ও জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে, কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা দেশের আকাশসীমায় প্রবেশ করা বেশ কিছু ইরানি ড্রোন ধ্বংস করেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর দাবি, হরমুজ অতিক্রম করার সময় দুটি জ্বালানিবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই পথে তেল বা গ্যাস পরিবহন করা নিরাপদ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
তবে মার্কিন বাহিনী ট্যাংকার বিস্ফোরণের এ দাবি অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও জানান, ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রসীমা ইরানের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।
গত ৮ জুলাই ট্রাম্প জুনে সম্পাদিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকেই এ অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়েছে।
