হরমুজে জাহাজে হামলার জেরে ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ আনার পর মঙ্গলবার দেশটির তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য'। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তেহরানকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
পরবর্তীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের বিরুদ্ধে 'শক্তিশালী' ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 'গুরুত্বপূর্ণ ৮৫টি সামরিক ঘাঁটিতে' বড় ধরনের যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির অংশ হিসেবে গত মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২১ আগস্ট পর্যন্ত ইরানকে তেল বিক্রির অনুমতি দিয়েছিল। তবে মঙ্গলবারের সিদ্ধান্তে সেই ছাড়ের মেয়াদ কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর বিমান হামলা এবং দেশটির অপরিশোধিত তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার পর বুধবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ইরানের জন্য তেল রপ্তানি এখনো বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এর মাধ্যমে দেশটি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, যা সরকারি ব্যয় নির্বাহ এবং দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে টিকিয়ে রাখতে সহায়তা করে।
বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে তেহরান, বিশেষ করে চীনে, তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। ফলে তেল বিক্রি দেশটির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনরেখাগুলোর একটি হয়ে উঠেছে।
