জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি, কিল-ঘুসি
জর্জিয়ার পার্লামেন্টে সরকারি দল 'জর্জিয়ান ড্রিম' এবং বিরোধী দল 'ফর জর্জিয়া'র আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে।
শুক্রবার স্প্রিং সেশনের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। এই অধিবেশনেই প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন।
প্রশ্নোত্তর পর্ব চলাকালে মূলত এই মারামারি শুরু হয়। বিরোধী দল 'ফর জর্জিয়া'র (যার নেতৃত্বে রয়েছেন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাকারিয়া) এমপি জর্জি শারাশিদজে একটি মন্তব্য করার পরই উত্তেজনার সূত্রপাত। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফরের সময় প্রধানমন্ত্রী কোবাখিদজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শারাশিদজে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন এমপি একে অপরের সঙ্গে সরাসরি শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে গালিগালাজ ও হাতাহাতি কয়েক মিনিট ধরে চলেছিল।
মারামারি চলতে থাকায় পার্লামেন্টের নিরাপত্তারক্ষীরা বিরোধী দলের এমপিদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেন।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওগুলোতে দেখা যায়, প্রথমে দুজন এমপির মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। তারা হলেন সরকারি দল জর্জিয়ান ড্রিমের ইরাকলি খেলাদজে এবং বিরোধী দল ফর জর্জিয়ার গিগা পারুলাভা। এরপর ধীরে ধীরে উভয় পক্ষের আরও অনেক আইনপ্রণেতা এই মারামারিতে জড়িয়ে পড়েন।
