ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের ‘ত্রুটি’ ঠিক করার পর ‘আগামী সপ্তাহেই’ ইরানের সাথে চুক্তি হতে পারে: ট্রাম্প
'আগামী সপ্তাহের মধ্যেই' যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লের সাথে এক টেলিফোন সংলাপে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, 'সবকিছু বেশ ইতিবাচক মনে হচ্ছে।'
আলোচনার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, 'আজ কিছুটা ত্রুটি দেখা দিইয়েছিল, কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব দ্রুতই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছি।'
ট্রাম্পের মতে, সেই ত্রুটি ছিল— লেবাননে ইসরায়েলের হামলার কারণে ইরানের তৈরি হওয়া ক্ষোভ।
পরিস্থিতি শান্ত করার বিষয়ে ট্রাম্প বলেন, 'আমি হিজবুল্লাহর সাথে কথা বলেছি এবং তাদের গোলাগুলি বন্ধ করতে বলেছি। এরপর আমি বিবির (বেনিয়ামিন নেতানিয়াহু) সাথে কথা বলে তাকেও গোলাগুলি থামানোর নির্দেশ দিয়েছি। শেষ পর্যন্ত তারা দুজনেই একে অপরের ওপর হামলা বন্ধ করেছে।'
ইরানের সাথে শান্তি চুক্তি 'সামরিক বিজয়ের চেয়েও ভালো অর্জন হতে পারে' বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, 'এটি কোনো সহজ বিষয় নয়। আপনি একটি বিশাল দেশের কথা বলছেন যাদের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে। সেখানে আসলে চরম শত্রুতা বিরাজ করছে।'
ট্রাম্প আরও বলেন, 'চুক্তিটি তাদের জন্য যেমন সহজ নয়, আমাদের দিক থেকেও বিষয়টি আসলে সহজ নয়। তবে আমরা যা যা অর্জন করতে চাইছি, তা পাচ্ছি।'
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক কবে নাগাদ চূড়ান্ত হবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন হবে।'
তবে তিনি এখনই এতে চূড়ান্ত সায় দেননি উল্লেখ করে বলেন, 'আমাকে এখনো আরও কিছু বিষয় নিয়ে দরকষাকষি করতে হবে।'
