ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
গত এক সপ্তাহে কয়েক ডজন তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়েছে। এর মধ্যে কিছু ট্যাংকারের পাহারায় ছিল খোদ মার্কিন নৌবাহিনী। ইরান ও তাদের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অনুমতি নিয়েই এসব ট্যাংকার প্রণালি পার হয়েছে এবং কিছু ক্ষেত্রে পারাপারের জন্য ইরানকে টাকাও (মাশুল) দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম 'ইসরায়েল হাইয়োম' এই খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এসব জাহাজের বেশির ভাগই কাতার থেকে তেল ও গ্যাস নিয়ে পূর্ব এশিয়া (মূলত ভারত ও চীন) বা ইউরোপের দিকে যাচ্ছিল।
এদিকে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের হওয়া চুক্তিতে বেশ কিছু সংশোধন চেয়েছেন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দ্বিতীয় একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প দ্রুত এই চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী। তবে তার কাছে গুরুত্বপূর্ণ, এমন কিছু বিষয়, বিশেষ করে ইরানের পারমাণবিক উপকরণের বিষয়-সংক্রান্ত ধারাগুলো আরও জোরালো করতে তিনি আগ্রহী।
ট্রাম্পের এই সংশোধনের অনুরোধের ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা আরও বেশ কয়েক দিন চলতে পারে।
