ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সম্প্রতি একটি বৈঠকে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটি অত্যন্ত 'আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ' পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি -এর বরাত দিয়ে জানানো হয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে।
মোজতবা খামেনি নতুন দায়িত্ব গ্রহণ করার পর প্রেসিডেন্টের সঙ্গে এটিই প্রথম দীর্ঘ বৈঠক।
বৈঠকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, 'এই বৈঠকে অন্য যেকোনো বিষয়ের চেয়ে আমাকে যা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার (মোজতবা খামেনি) দৃষ্টিভঙ্গি এবং তার অত্যন্ত বিনয়ী ও আন্তরিক আচরণ। তার এই দৃষ্টিভঙ্গি আলোচনার পরিবেশকে আস্থা, প্রশান্তি ও সহমর্মিতার এক অনন্য স্তরে নিয়ে গিয়েছিল, যা সরাসরি সংলাপের জন্য ছিল অত্যন্ত কার্যকর।'
উল্লেখ্য, গত মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তার বাবা এবং তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় মোজতবা খামেনি নিজেও আহত হয়েছিলেন বলে জানা গেছে।
