ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ পরিচালিত হবে না: জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ও জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির সামুদ্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরণের হস্তক্ষেপ 'যুদ্ধবিরতির লঙ্ঘন' হিসেবে বিবেচিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আজিজি যুক্তরাষ্ট্রের 'দোষারোপের রাজনীতি' প্রত্যাখ্যান করে বলেন, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর ট্রাম্পের 'বিভ্রান্তিকর পোস্ট' দিয়ে পরিচালিত হবে না। তিনি আরও মন্তব্য করেন, এই অঞ্চল ফাঁকা বুলির জায়গা নয়।
উল্লেখ্য, সোমবার থেকে হরমুজে আটকে পড়া বিদেশি জাহাজগুলোকে নিরাপদে এ প্রণালি থেকে সরে যেতে মার্কিন নৌবাহিনী সাহায্য করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীও বলপ্রয়োগ করবে।
ট্রাম্প এই পদক্ষেপের নাম দিয়েছেন 'প্রজেক্ট ফ্রিডম'। মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পরপরই এই প্রণালিটি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এরপর থেকে এই গুরুত্বপূর্ণ ণৌপথটি ফের চালু করতে মার্কিন প্রশাসনের এটিই সবচেয়ে বড় উদ্যোগ।
বিষয়টিকে 'মানবিক' পদক্ষেপ বলে দাবি করেছেন ট্রাম্প। তবে আদতে হরমুজ প্রণালির উপর আধিপত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালাচ্ছে ইরান, সেটিকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে ইরান সেনা নামালে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত, এমনকি ফের যুদ্ধ শুরু হতে পারে।
