পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার ফাঁকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের 'পর্যবেক্ষণ বা মতামত' শুধু পাকিস্তানি কর্মকর্তাদের কাছেই তুলে ধরবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ওই পোস্টে ইসমাইল লেখেন, 'আমরা এক সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আমেরিকার চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং এই অঞ্চলে শান্তি ফেরাতে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবেই এই বৈঠক হবে।'
পোস্টে আরও বলা হয়, 'ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরান তার পর্যবেক্ষণগুলো কেবল পাকিস্তানকেই জানাবে।'
