পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে ইরান
ইরানের পার্লামেন্টসহ দেশটির বেশ কিছু সংশ্লিষ্ট সংস্থা জরুরি ভিত্তিতে 'এনপিটি' বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করছে। ইরানে এখন এই ধারণাটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে এই চুক্তিতে থাকার আর কোনো যৌক্তিকতা নেই।
সংশ্লিষ্টদের মতে, এনপিটি চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) দায়িত্ব হলো সদস্য রাষ্ট্র হিসেবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের সুরক্ষা দেওয়া এবং সহায়তা করা। কিন্তু আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি যখন পরোক্ষভাবে ইরানের স্থাপনার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য শত্রুপক্ষকে উৎসাহিত করেন এবং আইএইএ-এর কোনো ধরনের বাধা বা নিন্দা ছাড়াই মার্কিন-ইসরায়েলি শত্রু পক্ষ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন ইরানের জন্য এই চুক্তিতে থাকার আর কোনো সার্থকতা থাকে না।
ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ এই নয় যে দেশিটি পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে। বরং এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ছদ্মবেশে ইরানের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনগোষ্ঠীর অব্যাহত গোয়েন্দাগিরি বা স্পাইং বন্ধ করা।
