ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প ও পুতিনের মধ্যে এটিই ছিল প্রথম ফোনালাপ।
রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বিগ্ন যে মস্কো যুদ্ধের প্রচেষ্টায় ইরানকে সহায়তা করছে।
তবে ট্রাম্প অবশ্য এই পরিস্থিতিকে খুব একটা গুরুত্ব দিতে চাননি, তবে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ গত শনিবার সাংবাদিকদের বলেছেন, তিনি রুশ কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন যেন তারা ইরানের সাথে কোনো গোয়েন্দা তথ্য বিনিময় না করেন।
রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ রুশ সাংবাদিকদের জানান, ফোনালাপটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং তা ছিল 'খোলামেলা' ও 'ব্যবসায়িক ধাঁচের'।
তিনি দাবি করেন, পুতিন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের কাছে 'কয়েকটি প্রস্তাব' উপস্থাপন করেছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে করা অ্যাক্সিওসের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
উশাকভ আরও বলেন, ট্রাম্প ও পুতিন তেলের বাজারে দামের ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
গত সপ্তাহে উৎপাদন ঘাটতি কমানোর আশায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি দেয়।
