২৮ বছর বয়সেই ফেসলিফট? যেকারণে তরুণীরা প্লাস্টিক সার্জারির দিকে ঝুঁকছে
ফেসলিফট এখন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় একটু খুঁজতেই আমার নিউজফিড এমন পোস্টে ভরে গেল, যেখানে ২৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা বিভিন্ন ধরণের ফেসলিফট নিয়ে আলোচনা করছে – যেমন মিনি, পনিটেল, বা ডিপ প্লেন ফেসলিফট।
একটা সময় ছিল যখন ফেসলিফট শুধুমাত্র বয়স্ক আর ধনী ব্যক্তিদের জন্য ছিল, কিন্তু সেই দিন এখন বদলে গেছে। এখন অনেক কম বয়সী নারী-পুরুষেরা নিজেদের চেহারা সুন্দর করতে ছুরি-কাঁচির নিচে যেতে পছন্দ করছেন।
তাদের মধ্যে কেউ কেউ আনন্দের সাথে তাদের আগের, পরের এবং মাঝখানের ক্ষতবিক্ষত অবস্থার ছবি শেয়ার করে, যা দেখে বোঝা যায় তাদের সেরে ওঠার সময়টা কতটা বেদনাদায়ক ছিল।
এই ধরনের অপারেশন এখন আর কোনো গোপন বিষয় নয়। ক্রিস জেনার, ক্যাট স্যাডলার এবং মার্ক জেকবসের মতো তারকারা প্রকাশ্যে তাদের চিকিৎসা নিয়ে কথা বলেছেন। আরও অনেকে এই ধরনের অপারেশন করিয়েছেন বলে শোনা যায়।
ফেসলিফটকে প্রায়শই কসমেটিক সার্জারির শেষ উপায় বা সবচেয়ে বড় অপারেশন হিসেবে দেখা হয়।
এই নকল অনলাইন জগতে মানুষ কি এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে তারা এই অপারেশনের জন্য হাজার হাজার পাউন্ড খরচ করতে রাজি?
নাকি আমরা বোটক্স এবং ফিলারের মতো নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট এত বেশি করিয়েছি যে, এখন গালের চামড়া তুলে, মুখের টিস্যু ও চর্বি নতুন করে সাজানোটা আমাদের কাছে একটি যৌক্তিক এবং দীর্ঘস্থায়ী পরবর্তী পদক্ষেপ বলে মনে হচ্ছে?
এমিলি ২৮ বছর বয়সে ফেসলিফট করিয়েছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল একটি 'স্ন্যাচড লুক' পাওয়া – অর্থাৎ, একটি নিখুঁত ও তীক্ষ্ণ চোয়াল, উঁচু গাল এবং টানা টানা চোখ। তিনি বলেন, তুরস্কে সার্জারি করানোটা তার জীবনকে বদলে দিয়েছে এবং এর জন্য তার কোনো আফসোস নেই।
তিনি ব্যাখ্যা করে বলেন, "সব মিলিয়ে আমার ছয়টি সার্জারি একসঙ্গে করা হয়েছিল। এর মধ্যে আমার মিড-ফেস লিফট, লিপ লিফট এবং রাইনোপ্লাস্টি (নাকের সার্জারি) ছিল।"
কানাডার টরন্টোর এই ব্যবসায়ী সেই প্রক্রিয়াটির বর্ণনা দিতে গিয়ে বলেন, সার্জন তার প্রিয় গানটি চালাচ্ছিলেন যখন তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছিল। এরপর, "আমি ঘুমিয়ে পড়লাম এবং যখন উঠলাম, বমি করলাম, আর দেখলাম আমার একটি নতুন মুখ এবং একটি নতুন নাক।"
সুস্থ হওয়ার প্রক্রিয়াটি ছিল দীর্ঘ। প্রথম কয়েক সপ্তাহে ব্যথা এবং ক্ষত কমতে শুরু করলেও, এমিলির গালের কিছু অংশে অনুভূতি ফিরে আসতে ছয় মাস সময় লেগেছিল।
তাকে যদি আবার সার্জারি করতে বলা হয়, তিনি কি করবেন? এই প্রশ্নে তিনি ইতস্তত করেন।
"আমার সার্জারির পর, আমি আমার জীবন বদলে ফেলেছি। আমি এখন আগের চেয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করি, কম মদ্যপান করি, আমার ত্বকের যত্ন নিই এবং ঠিকমতো ঘুমাই। আমি এখন যা জানি, তা যদি আগে জানতাম, তাহলে হয়তো আমি এই সার্জারি করাতাম না।"
"আমার মা সার্জারির কয়েকদিন পর পর্যন্ত কিছুই জানতেন না, যতক্ষণ না আমি তাকে নিজে বলি।"
কিন্তু তারপর তিনি থেমে কিছুক্ষণ ভাবেন।
এমিলি বলেন, "আমি শুধু নিজের সেরা সংস্করণ হতে চেয়েছিলাম, এবং এখন আমার মনে হয় আমি তাই।"
ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ অ্যাসথেটিক প্লাস্টিক সার্জনস -এর তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে গত ১২ মাসে ফেসলিফটের সংখ্যা ৮% বৃদ্ধি পেয়েছে। তারা বয়স অনুসারে এই পরিসংখ্যান প্রকাশ না করলেও, অনেক সদস্য জানাচ্ছেন যে রোগীদের বয়সসীমা বদলাচ্ছে। এই সংস্থার সভাপতি নোরা নুজেন্ট মনে করেন, এই পরিবর্তনের পেছনে অনেক কারণ রয়েছে – যার মধ্যে একটি হলো ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তা।
এই পরিবর্তন বিশ্বের অন্যান্য অংশেও দেখা যাচ্ছে। আমেরিকান সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস দেখেছে যে জেন-এক্স (৪৫ থেকে ৬০ বছর বয়সী) প্রজন্মের মধ্যে ফেসলিফটের প্রবণতা বাড়ছে।
নুজেন্ট বলেন, "এই ওষুধগুলো ব্যবহার করে দ্রুত ওজন কমানোর ফলে শরীরে প্রচুর অতিরিক্ত চামড়া ঝুলে পড়ে। ফেসলিফট এই সমস্যার সমাধান করতে পারে।" "ফেসলিফটের কৌশলগুলোও এখন অনেক উন্নত হয়েছে। এখন আর সেই 'উইন্ড টানেল' (চামড়া অতিরিক্ত টেনে ধরার ফলে মুখের অতি টানটান দেখতে লাগা) প্রভাবের ঝুঁকি নেই, যা আমরা অনেক বছর আগে দেখতাম।"
তবে তিনি আরও বলেন, ফেসলিফট এখনও একটি বড় অপারেশন যা শুধুমাত্র একজন বিশেষজ্ঞ, রেজিস্টার্ড প্লাস্টিক সার্জনের দ্বারাই একটি রেজিস্টার্ড ক্লিনিকে সঠিক সরঞ্জাম ব্যবহার করে করানো উচিত।
ব্রিস্টলের ক্লিনিকে কনসালট্যান্ট প্লাস্টিক সার্জন সাইমন লি শত শত ফেসলিফট করেছেন এবং তিনি আমাকে তার একটি ভিডিও দেখালেন।
অপারেশন চলাকালীন ক্লায়েন্ট সম্পূর্ণ সজাগ থাকেন, কারণ তাকে ত্বকের নিচে এবং গভীর টিস্যুতে কম মাত্রার লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়।
তিনি ক্লায়েন্টের মুখে কয়েকটি ছোট ছোট ছিদ্র করেন, তারপর চামড়া, চর্বি এবং সুপারফিসিয়াল ফ্যাসিয়া -এর নিচে যান – যা মুখের ভাবভঙ্গি নিয়ন্ত্রণ করে। এরপর তিনি ডিপ প্লেনে পৌঁছে টিস্যু এবং পেশীগুলোকে নতুন করে সাজিয়ে মুখকে নতুন আকার দেন।
অপারেশন শেষ হলে, ক্লায়েন্ট, যিনি চার ঘণ্টা ধরে অপারেশনের মধ্যে ছিলেন, স্বস্তির হাসি হাসেন।
মিস্টার লি বলেন, এই অপারেশন এখন আরও আকর্ষণীয় হয়ে ওঠার একটি কারণ হলো মুখ এবং ঘাড়ের লিফট এখন খুব সহজেই করা যায়। একটা সময় ছিল যখন এটি শুধুমাত্র হাসপাতালের অপারেশন থিয়েটারে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হতো, কিন্তু এখন তিনি তার ক্লিনিকে অজ্ঞান করা ছাড়াই এই অপারেশন করেন।
তিনি বলেন, এই শিল্পে এটি একটি "উত্তেজনার সময়", কারণ খুব দ্রুত নতুন নতুন উন্নতি হচ্ছে। যদিও ক্লাসিক ফেসলিফট – যা মূলত চোয়ালের নিচের অংশ এবং ঘাড়ের ওপর গুরুত্ব দেয় – এখনও জনপ্রিয়, তবে এখন নতুন নতুন চিকিৎসা রয়েছে যা মুখের উপরের দুই-তৃতীয়াংশকে লক্ষ্য করে। তিনি বলেন, বয়সের ছাপ প্রথমে সেখানেই দেখা যায় এবং কম বয়সেই তা বোঝা যায়।
সার্জন এটিও উল্লেখ করেছেন যে ফেসলিফট চল্লিশোর্ধ ব্যক্তিদের জন্য উপযুক্ত, কিন্তু ২০ বা ৩০ বছর বয়সী কারও ওপর এত জটিল একটি প্রক্রিয়া চালানো খুবই অস্বাভাবিক।
এই ধরনের অপারেশনে ঝুঁকি এবং জটিলতাও রয়েছে, যেমন হেমাটোমা (চামড়ার নিচে রক্ত জমাট বাঁধা) তৈরি হতে পারে, যা চিকিৎসা না করা হলে নেক্রোসিস (আশেপাশের টিস্যুর মৃত্যু), সংক্রমণ, স্নায়ুর ক্ষতি এবং অ্যালোপেসিয়া (চুল পড়া) হতে পারে।
যুক্তরাজ্যে একটি ফেসলিফটের গড় খরচ ১৫,০০০ থেকে ৪৫,০০০ পাউন্ড, কিন্তু কিছু ক্লিনিক এই অপারেশন মাত্র ৫,০০০ পাউন্ডেও অফার করে।
বিশেষজ্ঞরা বলছেন, ভালোভাবে গবেষণা করা এবং এমন একজন প্লাস্টিক সার্জন বেছে নেওয়া গুরুত্বপূর্ণ যিনি ফেসলিফটে বিশেষজ্ঞ।
৩৪ বছর বয়সী জুলিয়া গিলান্ডো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার মুখের অসামঞ্জস্যতা ঠিক করার জন্য একটি ফেসলিফট প্রয়োজন। তার জীবনের শুরুর দিকে চোয়ালের অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা ছিল।
যদিও তার অনেক বন্ধুই বলেছিল যে তারা তার মুখে কোনো সমস্যা দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি নিজে তা অনুভব করতেন। তাই তিনি "নিজের মনের কথা শুনে" তুরস্কে উড়ে যান তার অপারেশনের জন্য, যার খরচ হয়েছিল ৮,০০০ ডলার (৬,০০০ পাউন্ড)।
তুরস্কে কসমেটিক সার্জারি করানোর ঝুঁকি সম্পর্কে সতর্কতা থাকা সত্ত্বেও, কম দামের কারণে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।
স্বাস্থ্যখাতের পেশাদার মিস গিলান্ডো বলেন, "প্রথমে আমার মনে হয়েছিল এই পুরো ধারণাটাই পাগলামি, কিন্তু আমি গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এটা করব। আমি ভয় পেয়েছিলাম, আমি একটি অচেনা দেশে ছিলাম, একা ছিলাম এবং সেখানকার ভাষা জানতাম না।"
"সার্জারির পর আমি দুই দিন হাসপাতালে ছিলাম এবং তারপর আমাকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়েছিল। আমি এতটাই ফুলে গিয়েছিলাম যে আমি কিছুই দেখতে পারছিলাম না।"
"কিছু অন্ধকার সময় ছিল, এটি ছিল আবেগের এক মানসিক রোলারকোস্টার, যেখানে আপনি কখনও খুব ভালো অনুভব করেন, আবার কখনও খুব খারাপ।"
গবেষকরা চিন্তিত যে এই ধরনের কসমেটিক সার্জারি পদ্ধতিগুলো সত্যিই সেই আত্মসম্মান এবং আত্মবিশ্বাস দেয় কিনা, যা এই শিল্প বিজ্ঞাপন করে।
ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ডের সেন্টার অফ অ্যাপিয়ারেন্স রিসার্চের বডি ইমেজ বিশেষজ্ঞ ডঃ কার্স্টি গারবেট ব্যাখ্যা করেন, "আমার মনে হয় মানুষের ওপর এক অভূতপূর্ব চাপ রয়েছে।" "বিশেষ করে যখন মুখের কথা আসে – আমরা নিজেদের ভিডিও কলে দেখি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখি, আমরা খুব সহজেই নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি।"
এবং তিনি বলেন, আমরা যা দেখি তা সবসময় বাস্তবতার সঠিক প্রতিফলন নয়।
"এআই, ফিল্টার – সবই একটি নকল অনলাইন জগৎ তৈরিতে ভূমিকা পালন করে। এবং একই সাথে, আমরা কসমেটিক পদ্ধতিগুলোর স্বাভাবিকীকরণের বৃদ্ধি দেখতে পাচ্ছি।"
তিনি আরও বলেন, তারকারা এই অপারেশনগুলো সম্পর্কে আরও খোলামেলাভাবে কথা বলাটা কিছু দিক থেকে ভালো, কিন্তু এটি এই বিষয়গুলোকে স্বাভাবিক করে তোলে – যেন এগুলো "জীবনেরই একটি অংশ এবং এটি সত্যিই উদ্বেগের"।
টিভি উপস্থাপক এবং 'রিয়েল হাউসওয়াইভস অফ দুবাই'-এর অন্যতম সদস্য ক্যারোলিন স্ট্যানবুরি দুই বছর আগে ৪৭ বছর বয়সে একটি ফেসলিফট করিয়েছিলেন, যদিও সবাই তাকে বলেছিল যে তার বয়স খুব কম বলে এটি করা উচিত নয়।
ক্যারোলিন বলেন, "এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।" "আমি কেন ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করব, যখন আমি হতাশ হয়ে পড়ব এবং আমার এটির প্রয়োজন হবে? আমি এখনই সুন্দর দেখতে এবং অনুভব করতে চাই।"
২০ বছর ধরে নিয়মিত বোটক্স এবং ফিলার ব্যবহার করার পর তার মনে হয়েছিল যে তাকে "অদ্ভুত দেখতে লাগছিল"। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডিপ প্লেন ফেসলিফটের জন্য $৪৫,০০০ (£৩৪,০০০) খরচ করেছিলেন।
তিনি বলেন, "আমি এখনও আমার মতোই দেখতে, এবং এই পদ্ধতিটি আমাকে আরও ২০ বছর দুর্দান্ত অনুভব করার সুযোগ দিয়েছে।"
বেলজিয়ামের একজন প্লাস্টিক সার্জন অ্যালেক্সিস ভারপেল, যার ক্লায়েন্ট যুক্তরাজ্য সহ সারা বিশ্ব থেকে আসে, তিনি বলেন যে তিনি কম বয়সী ছেলেমেয়েদের এই চিকিৎসার জন্য আসার ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে চিন্তিত।
তিনি প্রায়শই এই ক্লায়েন্টদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন যে কীভাবে সার্জারির মতো বড় কোনো পদক্ষেপ ছাড়াই নির্দিষ্ট কিছু চেহারা পাওয়া সম্ভব।
ডি ভারপেল বলেন, "যদি তারা ২০-এর কোঠায় ফেসলিফট করায়, এবং আমরা জানি যে এটি ১০ বা ১৫ বছর স্থায়ী হতে পারে।"
"তাহলে ৬০ বছর বয়সে পৌঁছানোর মধ্যে তাদের হয়তো তিনটি ফেসলিফট করা হয়ে যাবে," বলেন তিনি।
