ফিলিস্তিনিদের বদলে ভারতীয়? ১ লাখ কর্মী নিয়োগ দিতে চায় ইসরায়েল
নির্মাণখাতে প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি কর্মীর বদলে ১ লাখ ভারতীয় কর্মী নিয়োগের জন্য সরকারের কাছে অনুমোদন চেয়েছে ইসরায়েলের নির্মাণ শিল্প সংস্থা 'ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন'।
জানা গেছে, গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাতের জেরে ইসরায়েলে অন্তত ৯০,০০০ ফিলিস্তিনি কর্মীর 'ওয়ার্ক পারমিট' বাতিল করা হয়। এই শ্রমঘটতি মেটাতে এখন ভারত থেকে নতুন শ্রমিক নিয়োগ দিতে চাইছে ইসরায়েলের নির্মাণ শিল্পখাত সংশ্লিষ্ট সংস্থাটি।
ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হাইম ফিগলিনের উদ্ধৃতি দিয়ে পশ্চিমতীরের ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, "এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি। আমরা ইসরায়েল সরকারের অনুমোদনের সিদ্ধান্তের জন্যও অপেক্ষায় রয়েছি। আশা করছি, খাতটিকে পুরোপুরিভাবে চালানো এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা ৫০,০০০-১,০০,০০ ভারতীয় কর্মী নিয়োগ দিতে পারব।"
যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলে নির্মাণ শিল্প কর্মীদের প্রায় ২৫ শতাংশই ফিলিস্তিনি।
"আমরা বর্তমানে যুদ্ধে রয়েছি এবং এর ফলে ফিলিস্তিনি শ্রমিকরা– যারা এই সেক্টরে আমাদের মানব সম্পদের প্রায় ২৫ শতাংশ– তারা কাজে আসছে না; ইসরায়েলে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না তাদের," বলেন ফিগলিন।
এই ফিলিস্তিনি শ্রমিকদের প্রায় ১০ শতাংশ গাজার বাসিন্দা এবং বাকিরা পশ্চিম তীরের।
এর আগে, চলতি বছরের মে মাসে ভারত থেকে কর্মী নিয়োগের জন্য ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। ৯ মে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের দিল্লি সফরের সময় ৪২,০০০ ভারতীয় কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে। বিশেষ করে নির্মাণ ও নার্সিং খাতে নিয়োগের জন্য এ চুক্তি হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের এই খাত দুটির বড় অংশজুড়ে ফিলিস্তিনিরা কর্মরত ছিলেন।
