বিরতিহীন বোমাবর্ষণ চলছে গাজায়, ইসরায়েলের এক লাখ রিজার্ভ মোতায়েন
ফিলিস্তিনের হামাস গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর আজ (৯ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো লাগাতার বোমাবর্ষণ চলছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। ইসরায়েলের সামরিক বাহিনী জনিয়েছে, গাজার কাছে তারা প্রায় এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছে।
জানা গেছে, হামাসের বন্দুকধারী ও ইসরায়েলি সেনাদের মধ্যে দক্ষিণ ইসরায়েলের কারমিয়া, আশকেলন এবং সেডেরট শহরগুলোতে ভয়াবহ লড়াই চলছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী এই লড়াইয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৭০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ২ হাজার জনের বেশি। সেইসঙ্গে বহু ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করেছেন হামাসের যোদ্ধারা।
অন্যদিকে, ইসরায়েলের পাল্টা আক্রমণে অন্তত ৪১৩ জন ফিলিস্তিনি নিহত ও ২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।
এ যুদ্ধের রেশ পৌঁছে গেছে মিসরেও। দেশটির আলেকজান্দ্রিয়া শহরে এক মিসরীয় পুলিশ সদস্যের গুলিতে দুইজন ইসরায়েলি পর্যটক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এখন তুমুল লড়াই চলছে। বিশেষ করে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যেই এ যুদ্ধে 'সাবধানে পা রেখেছে' হিজবুল্লাহও। লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশে মর্টার হামলা করেছে হিজবুল্লাহ।
হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা হাশেম সাফিয়েদ্দিন বলেছেন, 'আমাদের ইতিহাস, আমাদের বন্দুক আর আমাদের রকেট তোমাদের সঙ্গে আছে। আমাদের সবকিছু তোমাদের সঙ্গে আছে।'
