ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈনিকদের অনুপ্রেরণা দিতে আয়কর মওকুফের ঘোষণা দিলেন পুতিন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি ততই জটিল আঁকার ধারন করছে। এমতবস্থায় পুতিন যুদ্ধে নিজ দেশের প্রভাব টিকিয়ে রাখতে একের পর এক নতুন কৌশল অবলম্বন করছেন। তারই অংশ হিসেবে ইউক্রেনে নিয়োজিত রুশ কর্মকর্তাদের অনুপ্রাণিত করতে নতুন এক ডিক্রি জারি করেছেন পুতিন। নতুন এ সিদ্ধান্ত মোতাবেক, ইউক্রেনে নিয়োজিত রাশিয়ান সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের আয়কর দিতে হবে না বলে ঘোষণা দিয়েছে মস্কো। খবর আল জাজিরার
ইউক্রেন যুদ্ধে অতিরিক্ত সেনা পাঠানোর লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে পুতিন সরকার বাধ্যতামূলকভাবে 'সক্ষম' যুবকদের সামরিক প্রশিক্ষণের ঘোষণা দিয়েছিলেন। এছাড়াও এরপর নতুন আরেক ডিক্রি জারি করে বলা হয়েছিল, কোনও সেনা যুদ্ধে যেতে অস্বীকার করলে তার ১০ বছরের কারাবাসের সাজা হবে।
কিন্তু, এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজ দেশে অনেকটা কৌশলী ভূমিকা নিয়েছেন পুতিন। জোর-জবরদস্তি নয়, বরং নানা সুবিধা দিয়ে যুদ্ধে লোকবল বাড়াতে চায় মস্কো। তারই অংশ হিসেবে, গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে 'রাশিয়ার অংশ' বলে ঘোষণা করা ইউক্রেনের ৪ অঞ্চল— ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় যেসব অসমারিক রুশ কর্মীকে পাঠানো হয়েছিল, তারাও কর মওকুফের আওতায় পড়বেন বলে জানিয়েছে পুতিন সরকার।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত শুক্রবার দুর্নীতি বিরোধী আইনে থাকা একটি বিধি ছাড়ের উদ্ধৃতি দিয়ে উক্ত মওকুফের কথা জানান। নতুন ডিক্রি অনুসারে, যুদ্ধে অধিকৃত চার অঞ্চলে কর্মরত সেনা সদস্য, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মচারীদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব দিতে হবে না।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডিক্রিটিতে রুশ প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার স্বাক্ষর করেন। প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়ার আইনে সরকারি কর্মচারীদের আয়কর জনসম্মুখে আনার নিয়ম রয়েছে। স্থানীয় দুর্নীতি রোধ করার প্রয়াসে তাদের পরিবারের সদস্যের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও সামরিক কর্মকর্তাদের নিয়োগ বা বরখাস্ত করার সময় তাদের কর রিটার্ন প্রকাশ করতে হয়।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে নতুন ডিক্রিটি কার্যকর হবে। এছাড়াও ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর সদস্যদের 'মানবতাবাদী চরিত্রের পুরস্কার এবং উপহার' পাওয়ার অধিকার থাকবে। অন্যদিকে, শুধু যুদ্ধরত কর্মকর্তা নয় বরং কর মওকুফের ক্ষেত্রে ইউক্রেনে কর্মরতদের অংশীদারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
