সোমবারের আগে খুলছে না টুইটারের অফিস!
তিনদিনের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে টুইটারের অফিস ভবনগুলো। সোমবারের (২১ নভেম্বর) আগে অফিস খুলবেনা জানিয়ে কর্মীদেরকে নির্দেশনা দিয়েছে তারা। খবর বিবিসির।
তবে, সাময়িক এ বন্ধের কোনো কারণ ব্যাখ্যা করেনি কোম্পানি।
এর আগে ইলন মাস্ক কর্মীদেরকে একটি ইমেইল পাঠান যেখানে বলা হয়, তারা যদি টুইটারে থাকতে চান, তাহলে তাদের লম্বা সময়জুড়ে কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে। এরপরই পদত্যাগ করেন বিপুল সংখ্যক কর্মী। তাদের পদত্যাগের পর আসলো অফিস বন্ধের এই ঘোষণা।
অফিস বন্ধের বার্তায় আরো বলা হয়, "সামাজিক মাধ্যম, প্রেস বা অন্য কোথাও কোম্পানির গোপনীয় তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থেকে কোম্পানির নীতি মেনে চলুন।"
এর আগে কর্মীদেরকে পাঠানো মেইলে ইলন মাস্ক আরো বলেন, যারা বৃহস্পতিবারের মধ্যে দীর্ঘ সময় কাজের ব্যাপারে নিশ্চিত করতে পারবেন না, তাদের পরবর্তী তিন মাসের বেতন সহ ছাঁটাই করা হবে।
কর্মীদের বলা হয়, 'নতুন টুইটারের অংশ হতে চাইলে' বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে প্রদত্ত একটি লিংকে ক্লিক করে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তারা।
ইমেইলের শেষে যোগ করা হয়, "আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, টুইটারকে সফল করার জন্য আপনার প্রচেষ্টাকে সাধুবাদ।"
গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক জানান, টুইটারের অর্ধেক কর্মীকে শীঘ্রই ছাঁটাই করা হচ্ছে।
মাস্কের দাবি, বাধ্য হয়েই তাকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে কেননা, কোম্পানিটি দিনপ্রতি ৪ মিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হচ্ছে। আয়ের এই ব্যাপক হ্রাসের পেছনে তিনি দায়ী করেছেন বিজ্ঞাপনদাতাদের উপর চাপ সৃষ্টিকারী অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোকে।
