বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন। শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় আদালত তার জামিনের আদেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান। রাষ্ট্রপক্ষ থেকে আমরা এর বিরোধিতা করি। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
গত বছরের ২ নভেম্বর পল্টন থানার কাকরাইলে প্রতিষ্ঠানটির হেড অফিসের প্রাঙ্গনে গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে দুই কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত ৬ মে সালাউদ্দিন আহমেদ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন তিনি।
