নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামে এক ব্যক্তির মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমালিয়া গ্রামে হারুন হাওলাদারের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও পরকীয়া নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা মুলাদী থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
মরদেহ উদ্ধারের পর সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, বাড়ির পেছন থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হারুন হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
