কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টায় টাকা গণনার কাজ চলছিল।
মসজিদ পরিচালনা কমিটি, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা টাকা গণনার কাজ করছেন।
এবার ১৮২ দিন পর দানবাক্সগুলো খোলা হলো। সাধারণত তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপনের কারণে তা খুলতে বিলম্ব হয়েছে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন দানবাক্স থেকে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, দানবাক্সে পাওয়া টাকা ৪৩টি বস্তায় ভরা হয়েছে। গণনা শেষে মোট টাকার পরিমাণ জানা যাবে।
