বেনজীর ইস্যু নিয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেনজীর ইস্যুতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই জানানো হবে।
আজ (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তার গ্রেফতারের খবর জানিয়েছিল। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তার বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিনদিনের মধ্যে তৈরি করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কূটনৈতিকভাবে আহ্বান জানিয়েছি, যদি কোনো বাংলাদেশি সেখানে থেকে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যমে তালিকা দিতে পারে ভারত। নাগরিকত্ব যাচাই-বাছাই করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ওসমান হাদি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়েই পাঠিয়ে দিয়েছি।'
তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাব। এছাড়া এই মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারব।
