ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, চালকসহ গ্রেপ্তার ৮
রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। পরে সেই মিছিল থেকে সংগঠনটির সাত নেতাকর্মীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে। নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের বহনকারী একটি মাইক্রোবাসও আটক করেছে পুলিশ।
ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে সংগঠনটির ২০-২৫ জন নেতাকর্মী ভোরে মাইক্রোবাসে করে এসে ধানমন্ডি ৩ নম্বর রোডে মিছিল করে। খবর পেয়ে ধানমন্ডি মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায় এবং মাইক্রোবাসের চালক ও সংগঠনটির সাত নেতাকর্মীকে আটক করে।'
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের নিয়ে আসা মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
