বাজেট ২০২৫-২৬: ঘাটতির প্রক্ষেপণ ২.২৬ লাখ কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬২ শতাংশ। চলতি অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
এই ঘাটতি পূরণে সরকার বিদেশি ঋণ, ব্যাংকঋণ ও সঞ্চয়পত্র বিক্রয়ের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।
আজ সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পূর্বে ধারণকৃত একটি বক্তৃতায় বাজেট উপস্থাপন করেন। যা সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।
অর্থ উপদেষ্টা জানান, প্রস্তাবিত বাজেট ঘাটতির মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১০ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আগামী অর্থবছরের জন্য সুদ পরিশোধ বাবদ বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট জিডিপির মাত্র ১২.৬৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন বাজেট-জিডিপি অনুপাত। সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে এই অনুপাত নেমেছিল ১২.৫২ শতাংশে।
