মাঠে মেসিকে সংবর্ধনা দেবে না পিএসজি
ফাইনালে ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসি ক্লাব ফুটবলে খেলেন সেই ফ্রান্সেরই দল পিএসজির হয়ে। অন্যান্য আর্জেন্টাইন খেলোয়াড়েরা নিজেদের ক্লাবে ফিরে বেশ উষ্ণ অভ্যর্থনা পেলেও মেসির ক্ষেত্রে সেটি হচ্ছে না।
বিশ্বকাপ জয়ের উদযাপন শেষে মেসি পিএসজিতে ফেরার পর অনুশীলনে তাকে গার্ড অব অনার দেন নেইমার সহ বাকি খেলোয়াড়েরা। একটি ছোট স্মারকও তুলে দেওয়া হয় মেসির হাতে। এর বেশি কিছু করার কথা নাকি ভাবছে না পিএসজি কর্তৃপক্ষ।
পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেছিলেন যে তিনি নিশ্চিত, মেসিকে ভালোভাবেই অভিবাদন জানাবেন সমর্থকেরা। গালতিয়ের নিজেও একজন ফরাসি, তিনি মনে করেন, মেসিকে অভ্যর্থনা না দেওয়ার কোনো কারণই তার মাথায় আসছে না।
কিন্তু পিএসজি কর্তৃপক্ষের মাথায় সেই কারণ এসেছে, ফরাসি ফুটবল সমর্থকদের অনুভূতিতে আঘাত দিতে চায় না প্যারিসের ক্লাবটি। ফরাসি পত্রিকা লা পারিসিয়েন তেমনটাই জানিয়েছে।
লা পারিসিয়েনের খবর অনুযায়ী, দলের সেরা খেলোয়াড়কে অভিনন্দন জানানোর থেকেও ফ্রান্সের জাতীয়তাবাদী চেতনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পিএসজি। যে জন্য মাঠে মেসিকে আর কোনোভাবে বরণ করে নেওয়া হবে না। অনুশীলনে যা হয়েছে সেটিই পর্যাপ্ত মনে হয়েছে তাদের কাছে।
তবে মেসি আজ অঞ্জারের বিপক্ষে মাঠে নামার সময় ইতিবাচক কিংবা নেতিবাচক, কোনো একধরণের সাড়া যে পেতে যাচ্ছেন তা নিশ্চিত। পিএসজি সমর্থকরা নিজেদের জাতীয় দলের হতাশা দূরে রেখে ক্লাবের সেরা খেলোয়াড়কে আপন করে নিতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।
