জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি
টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মহানগরীর শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। ১২ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে গণপরিবহনের সংকট এবং রাস্তায় পানি জমে থাকায় বিপাকে পড়েন রাজধানীবাসী। ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জলাবদ্ধতার কারণে এই এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। নিরুপায় হয়ে অনেককেই নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। ভয়াবহ জলাবদ্ধতার কারণে আজ অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি। এদিকে ভোগান্তি লাঘবে এবং রাজধানীর এই দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নিকট দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
