ফায়ার সার্ভিসের আধুনিকায়ন রোডম্যাপ কী আছে?
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব দুর্যোগে-বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। ভূমিকম্পের আশঙ্কা আছে, এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি। ১৯ মে রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত 'ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা প্রদান করে যাচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেজন্য জনগুরুত্ব বিবেচনায় ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান।
