সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে: নৌ পরিবহন মন্ত্রী
নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, একটি নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে যত দপ্তর ও সংস্থা প্রয়োজন, তার সবই দেশে রয়েছে। শুধু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনেই প্রায় ১৬টি সংস্থা কাজ করছে। তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি ও অপূর্ণতা থেকে যাচ্ছে। তিনি আরও বলেন, এর দায় এককভাবে কারও নয়, বরং সবার। সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে। 'বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা', এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১০ মে) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে 'নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬'। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রবিউল আলম।
