তৃণমূলের হেভিওয়েটদের পতনে তছনছ পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেছে এক অভাবনীয় পটপরিবর্তন। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি – বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে শুধু যে ১৫ বছর ধরে শাসন করা দলের পতন হয়েছে তা নয়, ধরাশায়ী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তাঁর মন্ত্রিসভার একঝাঁক তারকা ও হেভিওয়েট সদস্য। নন্দীগ্রাম ও ভবানীপুর- দুই আসনেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরাজয়ের এই তালিকা এখানেই শেষ নয়, তৃণমূলের দুর্ভেদ্য অনেক দুর্গের পতন হয়েছে বিজেপির ঝড়ে।
