তিন সাংবাদিককে কেন জেলে পাঠাতে চাইলেন বিচারক?
সংবাদ সংগ্রহ করতে গিয়ে আদালতপাড়ায় জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর হেনস্তার শিকার হয়েছেন তিন সাংবাদিক। পরবর্তীতে ওই তিন সাংবাদিককে কাঠগড়ায় ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর হুমকি দেন। কিছুক্ষণ পর ক্ষমা চাওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। ২৮ অক্টোবর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেনস্তার শিকার তিন সাংবাদিক জানান, বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি আমাতুল্লাহ বুশরা আদালতে উপস্থিত হন। পরে বুশরা যখন আদালত থেকে বের হন, তখন ভিডিও করতে গেলে চড়াও হন কয়েকজন আইনজীবী।
