প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেওয়া নিম্নরুচির পরিচয়: রিজভী
বাংলাদেশের প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেওয়া ভারতের নিম্নরুচির পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ৪ অক্টোবর শনিবার রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। তিনি বলেন, 'ভারতে অসুরের মূর্তি তৈরি করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব দিয়ে। এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। এটা একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়।' এ সময় রিজভী বলেন, 'ভারতের মতো সঙ্গীত ও শিল্পকলা সমৃদ্ধ দেশ থেকে এমন অপসংস্কৃতির কাজ আশা করা যায় না। এটি শুধু অসম্মানজনকই নয়, বরং দুই দেশের মধ্যে সম্পর্ককে নষ্ট করার জন্য ক্ষতিকর।'
