ঐকমত্য কমিশনের বৈঠকে ৩টি বিষয়ে কথা বলেছে এনসিপি
জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। ২ জুন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩টি বিষয় নিয়ে কথা হয়েছে। জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। চলতি বছর ৫ আগস্টের আগে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পর নির্বাচনের রোডম্যাপের ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম বলেন, 'সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত। নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে।'
