পুতিন যেভাবে বদলে দিচ্ছেন রাশিয়াকে
২০২২ সালের ফেব্রুয়ারিতে অনেকটা বলে-কয়েই ইউরোপের উঠানে যুদ্ধ বাধিয়ে দেয় রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালিয়ে কেবল ইতিহাসের ধারাই বদলে দেননি, বরং রাশিয়ার ভেতরেও বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছেন। এই যুদ্ধ সরাসরি ইউক্রেনের মানুষের জন্য চরম কষ্টের কারণ হলেও, রাশিয়ার সমাজ ও আন্তর্জাতিক সম্পর্কেও এর গভীর প্রভাব পড়েছে—যা অনেকেই পুরোপুরি অনুধাবন করতে পারেন না। ফরেন অ্যাফেয়ার্সের এক নিবন্ধে বলা হয়, পুতিন তাঁর শাসনামলে ও যুদ্ধ শুরুর পর রাশিয়ার পুরো সমাজব্যবস্থাকে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। যুদ্ধ বন্ধ হলেও, এই শত্রুতা ও অবিশ্বাস সহজে মুছে যাবে না। এই যুদ্ধের মাধ্যমে পুতিন কীভাবে রাশিয়াকে পাল্টে দিচ্ছেন নিবন্ধটিতে তা-ই বলার চেষ্টা করা হয়েছে। নিবন্ধটি লিখেছেন বার্লিনের কার্নেগি রাশিয়া ইউরেশিয়ার পরিচালক অ্যালেক্সান্ডার গ্যাবুয়েভ; যার আলোকে আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে।
