মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে ড. ইউনূস
বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তে রপ্তানি খাতের ঝুঁকি বেড়েছে বাংলাদেশের। তবে তা মোকাবিলায় এরইমধ্যে তোড়জোড় শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বৈঠকটি শুরু হয়। বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা অংশ নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাংলাদেশ ব্যাকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।
