ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্যের আবেদন জানানোর পর অবশেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা। এর ফলে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন সাবেক এই ডিফেন্ডার।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, হোয়ান ক্যাপদেভিলাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দেশটিতে প্রবেশের জন্য করা তার আবেদন বাতিল করে দিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা।
আবেদন বাতিলের পর শুক্রবার ৪৮ বছর বয়সী ক্যাপদেভিলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্পকে ট্যাগ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 'আমার সাহায্য প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প! মাত্র আমাকে জানানো হলো যে সন্তানদের সঙ্গে আমি ফাইনাল দেখতে যেতে পারব না, কারণ আমার ইএসটিএ (ভ্রমণ অনুমতি) বাতিল করা হয়েছে।'
ভিয়ারিয়াল ও দেপোর্তিভোর সাবেক এই ডিফেন্ডার আরও যোগ করেন, 'কেউ কি আমাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন? আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আমার ২০১০ সালের সতীর্থদের সাথে মিলে দলকে উৎসাহ দেওয়ার জন্য কতটা মুখিয়ে ছিলাম। আমি বিশ্বাসই করতে পারছি না তারা আমাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না...কেউ যদি এটি সমাধানের পথ জানেন, তবে আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।'
ক্যাপদেভিলা তার আবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্পেন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়কেও ট্যাগ করেছিলেন।
উল্লেখ্য, 'ইএসটিএ' (ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন) সুবিধার আওতায় স্পেনসহ বিশ্বের ৪২টি দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান। কিন্তু ক্যাপদেভিলার সেই আবেদন কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছিল।
কেন এই নিষেধাজ্ঞা?
একটি স্প্যানিশ রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে ক্যাপদেভিলা জানান, ২০১৬ সালে ইরানে একটি ম্যাচ খেলতে যাওয়ার কারণেই সম্ভবত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ওই বছর তিনি লা লিগার কিংবদন্তিদের নিয়ে গঠিত একটি দলের হয়ে তেহরানে ইরানের অল-স্টার দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন।
চলতি বিশ্বকাপে ক্যাপদেভিলাই প্রথম আলোচিত ব্যক্তি নন যাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়া হলো। এর আগে গত মাসে সোমালিয়ার রেফারি ওমর আরতানকেও দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। ২০২৫ সালের কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (ক্যাফ)-এর বর্ষসেরা রেফারি নির্বাচিত হওয়া আরতানকে গত ৮ জুন মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, তার সাথে 'সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের যোগাযোগ' রয়েছে। এর ফলে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়।
আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে গত বুধবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
