সৌদি রাজপরিবারের ৩ সদস্য গ্রেপ্তার
সৌদি রাজ পরিবারের তিন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৩২ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানা গেছে।
যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তারা হলেন বর্তমান রাজার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এবং রাজপুত্র প্রিন্স নওয়াফ বিন নায়েফ।
এর আগেও ২০১৭ সালে রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে রাজ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে আটকে রাখেন যুবরাজ সালমান।
পদচ্যুত করার আগে ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান তাকে গৃহবন্দী রাখার আগ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মদ বিন নায়েফ।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে প্রহরীরা মুখোশ ও কালো পোশাক পরে রাজ পরিবারের সদ্যদের বাড়িতে প্রবেশ করে এবং তল্লাশি চালায়।
যদি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তাহলে সৌদি আরবের শক্তিশালী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অবস্থান সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
প্রিন্স আহমেদ বিন আবদেল আজিজ হলেন দেশের প্রতিষ্ঠাতা রাজা আবেদেল আজিজের শেষ বেঁচে থাকা পুত্রদের একজন। এমনকি রাজ পরিবারের প্রবীণ সদস্যরাও তাকে শ্রদ্ধা করেন।
অপর প্রবীণ রাজপুত্র মোহাম্মদ বিন নায়েফ তিন বছর আগে হঠাৎ পদচ্যুত হওয়ার আগে সিংহাসনে বসেছিলেন। তার আগে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ২০০০ এর দশকে আল-কায়েদার বিদ্রোহকে পরাস্ত করার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। তার সময়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল সৌদি আরব।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনে রাজ পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। তবে সৌদি আরবের রাজবাড়ির বিষয়গুলোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হয়।
২০১৬ সালে সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে একাধিক অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করেছিলেন মোহাম্মদ বিন সালমান।
এরপর ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি।
