পৃথক দুর্ঘটনায় ঝরলো একই পরিবারের ৪ জনসহ ৭ প্রাণ
কুষ্টিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় নারী শিশুসহ সাত জন নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের চার জন রয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলার মিরপুর উপজেলার কাটদাহ রেল ক্রসিং এলাকায় ও ভেড়ামারা উপজেলার পাবনা-ঈশ্বরদী সড়কে দুর্ঘটনাগুলো ঘটে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পাবনা-ঈশ্বরদী সড়কের পাওয়ার হাউজের সামনে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামের আবদুস সালামের ছেলে মেজবাউল ওরফে মাসুম (৩৫), তার স্ত্রী রুনা বেগম (২৬), মা মাহমুদা খাতুন(৫৫), ছেলে রুজভী (৯ মাস) ও সিএনজির চালক মো. জামান (৩২)।
অন্যদিকে, একইদিন সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ষ্টেশনের অদূরে কাটদাহ এলাকায় অরক্ষিত রেললাইন দিয়ে একটি পাওয়ার ট্রিলার পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস রেললাইনের উপর উঠে পড়া পাওয়ার ট্রিলারটিকে ধাক্কা দেয়। এতে পাওয়ার ট্রিলারে থাকা দুইজন নিহত হন। নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার দেশগ্রামের কাওছার আলি ও মাহাবুল ইসলাম।
পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন বলেন, রেললাইনের উপর একটি পাওয়ার ট্রিলার উঠে পড়লে একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুই জনের মৃত্যু হয়। দুই জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
