সংস্কারের পর্যায়ক্রমিক রোডম্যাপে একমত আইএমএফ, ৪ মাসের অগ্রগতিতে সন্তোষ: অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের জন্য একটি পর্যায়ক্রমিক বাস্তবায়নের রোডম্যাপে ঐকমত্য পোষণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে সরকারের রাজনৈতিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক অবস্থানের প্রতি সংস্থাটি সম্মান জানিয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ-এর সাথে আগামী দিনের নতুন কর্মসূচির ভিত্তি ও ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, 'আইএমএফ-এর সাথে নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, তা আমরা পরিষ্কার করেছি এবং তারা তাতে সম্পূর্ণ একমত হয়েছে। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে সংস্কারগুলো ধাপে ধাপে আনা হবে। রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফ এ বিষয়ে সহমত প্রকাশ করেছে।'
মন্ত্রী আরও জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী কোন সংস্কারটি আগে করা প্রয়োজন, সেই অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমান্বয়ে পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে। আইএমএফ এই 'সিকোয়েন্সিং' নীতিতে সায় দিয়েছে।
বৈঠকে একটি রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতাকে আইএমএফ বিশেষভাবে সম্মান জানিয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, 'দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সকল অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আইএমএফ আমাদের রাজনৈতিক দায়িত্বশীলতার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।'
বর্তমান সরকারের গত চার মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ার বাজার ও ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ প্রতিনিধি দল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে ট্যাক্স আদায়কে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেছে আইএমএফ। এই ইতিবাচক ধারা বজায় রেখে ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।'
ভর্তুকি কমানো বা নির্দিষ্ট শর্তের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, আজকের বৈঠকে কোনো সুনির্দিষ্ট ডিটেইলস বা শর্ত নিয়ে আলোচনা হয়নি। মূলত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরি নিয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার টেবিলে এসব বিষয় উঠে আসবে।
অর্থমন্ত্রী আরও জানান, এই আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের সংস্কারমুখী পারফরম্যান্সে আইএমএফ সন্তুষ্ট এবং এই ভিত্তির ওপর দাঁড়িয়েই আগামী দিনের নতুন প্রোগ্রাম চূড়ান্ত করা হবে।
