আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার ইসলামাবাদ সফরের সময় আলোচনার জন্য তেহরানের দাবিগুলো পাকিস্তানি কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন।
সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দাবিগুলো নিয়ে নিজেদের আপত্তির কথাও জানিয়েছেন তিনি। আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
এদিকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দাবি মেটানোর লক্ষ্যে ইরান একটি প্রস্তাব দিতে পারে বলে তিনি জানতে পেরেছেন। তবে সেই প্রস্তাবে কী থাকবে, তা তার জানা নেই।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি 'ভালো চুক্তি' করার সুযোগ ইরানের সামনে রয়েছে। পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'তাদের (ইরান) শুধু অর্থবহ এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে আসতে হবে।'
