করোনায় মারা গেলে ব্যাংক কর্মকর্তার পরিবার পাবে ৫০ লাখ টাকা: বাংলাদেশ ব্যাংক
কোভিডের এর প্রাদুর্ভাবের কারণে কোন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে তার স্বজনদের জন্য সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গেল বছরের ১৫ এপ্রিল এক সার্কুলারে একই ধরনের নির্দেশনা থাকলেও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা ভেদে ক্ষতিপূরণের পরিমাণ কী হবে তা বলা ছিল না।
এবারে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে, প্রথম শ্রেণীর কর্মকর্তা/সিনিয়র অফিসার/প্রবেশনারী অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার কিংবা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা করোনায় মৃত্যুবরণ করলে তাদের পরিবার ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে।
ট্রেনি অ্যাসিসটেন্ট অফিসার বা সমমান ধাপ হতে প্রথম শ্রেণির কর্মকর্তার আগ পর্যন্ত পদমরযাদার কর্মকর্তাদের পরিবার ৩৭.৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে এবং স্টাফ ও সাব-স্টাফদের ক্ষেত্রে এই ক্ষতিপূরণ ২৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এই নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়েছে, ক্ষতিপূরণের টাকা মৃত ব্যাংকারের স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিত হলে তাদের বাবা কিংবা মাকে দিতে হবে।
ক্ষতিপূরণের টাকা মৃত কর্মকর্তা-কর্মচারীদের কাছে ব্যাংকের কোন দায় দেনা থাকলে তার সাথে সমন্বয় করা যাবে না।
এই ক্ষতিপূরণ বর্তমানে প্রচলিত যে কোন কর্মকালীন মৃত্যুবরণের ক্ষত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে দিতে হবে।
২৯ মার্চ ২০২০ থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
এছাড়া গেল বছরের জারি করা সার্কুলার অনুযায়ী কোভিডের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন স্বশরীরে ব্যাংকে গিয়ে দায়িত্ব পালনের সময় কোন ব্যাংকার কোভিডে আক্রান্ত হলে, পদমরযাদা ভেদে ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন।
