Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

আন্তর্জাতিক

রয়টার্স, আল জাজিরা, সিএনএন
28 March, 2026, 08:30 pm
Last modified: 28 March, 2026, 10:56 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

রয়টার্স, আল জাজিরা, সিএনএন
28 March, 2026, 08:30 pm
Last modified: 28 March, 2026, 10:56 pm
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি

 

দুবাইয়ে ইরানের মার্কিন বাহিনীর ওপর হামলার দাবি অস্বীকার করল সেন্টকম

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) করা সেই দাবিটি নাকচ করে দিয়েছে, যেখানে বলা হয়েছিল যে, ইরানি বাহিনী দুবাইয়ের এমন বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে যেখানে ৫০০-এর বেশি মার্কিন সেনা অবস্থান করছিল এবং এতে তাদের 'ব্যাপক ক্ষয়ক্ষতি' হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে সেন্টকম জানায়, 'দুবাইয়ে কোনো মার্কিন সেনাসদস্য হামলার শিকার হননি।' একইসঙ্গে তারা ইরান সরকারকে 'মিথ্যা তথ্য ছড়ানোর' দায়ে অভিযুক্ত করেছে।


যুক্তরাষ্ট্র 'শিগগিরই' ইরান থেকে সরে আসবে: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে আলাপ করেছেন। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জন করেছে। তবে ইরানের সরকারকে ব্যাপকভাবে দুর্বল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প 'আরও কিছু সময়' যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

ভ্যান্স বলেন, 'প্রেসিডেন্ট আরও কিছু সময় এটি চালিয়ে যাবেন, যাতে আমরা একবার চলে যাওয়ার পর খুব, খুব দীর্ঘ সময় ধরে আর এটি করতে না হয়। তাদের [ইরান সরকার] খুব দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে দিতে হবে, আর সেটাই আমাদের উদ্দেশ্য।'

ভ্যান্স স্বীকার করেন, এই সংঘাতের কারণে গ্যাসের দাম বেড়েছে। তবে তিনি বলেন, শিগগিরই তা কমে আসবে। 

'এটি আসলে একটি স্বল্পমেয়াদি সংঘাতের জন্য খুবই সাময়িক প্রতিক্রিয়া', বলেন ভাইস প্রেসিডেন্ট। 

তিনি আরও বলেন, 'আমি মনে করি, প্রেসিডেন্ট এ বিষয়ে খুবই স্পষ্ট ছিলেন: আমরা এক বছর বা দুই বছর পরে ইরানে থাকতে আগ্রহী নই। আমরা আমাদের কাজ শেষ করছি, শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসব এবং গ্যাসের দাম আবার কমে আসবে।'


পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

প্রতিবেদন অনুযায়ী, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের বের হয়ে যাওয়ার বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের পার্লামেন্টসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা জরুরি ভিত্তিতে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে। জানা যাচ্ছে, ইরানের মধ্যে ক্রমশ এই ধারণা দৃঢ় হচ্ছে যে এই চুক্তিতে থাকার আর কোনো যৌক্তিকতা নেই।

এনপিটির শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) দায়িত্ব হলো ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট সরঞ্জামে প্রবেশাধিকার সুরক্ষা ও সহায়তার পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি যখন পরোক্ষভাবে ইরানের স্থাপনাগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে শত্রুপক্ষকে উৎসাহিত করেন, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের স্থাপনাগুলোর ওপর কোনো বাধা ছাড়াই হামলা চালায়, যখন আইএইএ এর জন্য কোনো নিন্দাও জানায় না, তখন ইরানের জন্য এনপিটিতে থাকার আর কোনো যৌক্তিকতা থাকে না।

এনপিটি থেকে বেরিয়ে যাওয়া মানে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাওয়া নয়; বরং এটি আইএইএ পরিদর্শকদের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের গুপ্তচরবৃত্তি বন্ধ করার একটি পদক্ষেপ।


মার্কিন ও ব্রিটিশ ঘাঁটির বিষয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং চাগোস দ্বীপপুঞ্জের অংশ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত একটি যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে হামলা চালাতে ইরানকে সহযোগিতা করেছে। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি তার ফোন থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। সেখানে বলা হয়েছে, রাশিয়ার স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরজুড়ে থাকা তেল কূপগুলোর ওপর গুপ্তচরবৃত্তি করছিল।

জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, এই গোয়েন্দা তথ্য ইরানের হামলায় সহায়তার জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটে তার দেশের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যেন প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

বিবিসির এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে আপাতত পর্যাপ্ত জ্বালানি রয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেলা ১২০টি ক্লাস্টার বোমা নিষ্ক্রিয় করার দাবি আইআরজিসির

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ১২০টি ক্লাস্টার বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

ইরানের আধা-সরকারি মেহের সংবাদ সংস্থা আইআরজিসির জনসংযোগ বিষয়ক উপ-প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকদিন আগে কাফরি গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এই বোমাগুলো ফেলা হয়েছিল।


লেবাননের ৫০ গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল

হামলার হুঁশিয়ারি দিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। তারা বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অবশ্যই কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।

এ সংক্রান্ত একটি সতর্কবার্তায় ইসরায়েল বলেছে, 'আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের অবশ্যই অবিলম্বে বাড়িঘর ছেড়ে গ্রাম থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা জায়গায় চলে যেতে হবে।'

আরও বলা হয়েছে, 'যে কেউ হিজবুল্লাহ সদস্য, তাদের স্থাপনা বা সামরিক স্থাপনার কাছাকাছি থাকলে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন।' 


যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতা: শাহবাজ শরিফকে ইরানি প্রেসিডেন্টের ধন্যবাদ

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ বন্ধে ইসলামাবাদের অব্যাহত প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানান।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, "ইরানের প্রতি পাকিস্তানের মুসলিম জনগণের সমর্থন ও সংহতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।" তিনি পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে 'প্রশংসনীয়' বলে অভিহিত করেন।


মধ্য ইসরায়েলে ইরানের হামলা, আহত অন্তত ৫

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্য ইসরায়েলের বেইত শেমেস শহরের অদূরে অবস্থিত এশতায়ল এলাকায় ইরানের একটি হামলার পর সেখানে উদ্ধারকর্মীরা কার্যক্রম শুরু করেছেন।

ইসরায়েলের চ্যানেল ১২ ব্রডকাস্টার জানিয়েছে, এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে এবং বর্তমানে চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।


দুবাইয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি ইরানের, অস্বীকার ইউক্রেনের 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-প্রতিরোধী সরঞ্জাম রাখার গুদামে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, ওই কেন্দ্রটি মার্কিন বাহিনীকে সহায়তা প্রদান করছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) 'খাতাম আল-আনবিয়া' সদর দপ্তর জানায়, 'দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানোর সময় সেখানে থাকা একটি ইউক্রেনীয় ড্রোন-প্রতিরোধী ব্যবস্থার ডিপো ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য সেখানে স্থাপন করা হয়েছিল।'

এদিকে, বিমান প্রতিরক্ষা সরঞ্জামাগার ধ্বংস করার বিষয়ে আইআরজিসির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোরহি তিখি সাংবাদিকদের বলেন, 'এটি একটি ডাহা মিথ্যা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রত্যাখ্যান করছি।'

তিনি ইরানি প্রশাসনের সমালোচনা করে আরও বলেন, 'ইরানি শাসকগোষ্ঠী প্রায়ই এই ধরনের বিভ্রান্তিকর এবং অপপ্রচারমূলক প্রচারণা চালিয়ে থাকে।'

ইরানের পক্ষ থেকে এমন সময়ে এই দাবি করা হলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক অঘোষিত সফরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সফরে জেলেনস্কি জানান, ইউক্রেন ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।


পাকিস্তানে কাল সৌদি, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে আসছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্মেলনের কথা জানানো হয়েছে।

আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেলাত্তি অংশ নেবেন। তাদের এই সফরের মূল লক্ষ্য হলো আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং চার দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করা।

বাম থেকে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ছবি: সংগৃহীত

বিবৃতিতে আরও বলা হয়, এই উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি সফররত প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি এবং দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।


দক্ষিণ লেবাননে হামলায় আহত ৯ ইসরায়েলি সেনা

সমাজমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে দুটি পৃথক হামলায় তাদের নয়জন সেনা আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের মাঝে শুক্রবার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ছোড়া হয়। ওই হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। মাঝারি আঘাত লেগেছে আরও একজনের। অন্য দিকে শনিবার রাতের আর একটি ঘটনায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে এক সেনাকর্মী গুরুতর আহত ও ছয়জন মাঝারি আহত হন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ছবি: এএফপি

ক্রমেই লেবাননের আরও গভীরে প্রবেশ করছে ইসরায়েলি সেনা। বেশ কিছু এলাকায় তারা সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে।

তবে পাল্টা প্রতিরোধ গড়ছে হিজবুল্লাহও। ইসরায়েলি সেনার বিবৃতিতে এই জোড়া হামলার নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ করা হয়নি। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হিজবুল্লার একটি দাবির কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি সেনার ওই বিবৃতিটি সামনে আসে। হিজবুল্লাহর দাবি ছিল, সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে দক্ষিণের তায়েবেহ্ শহরে ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে তারা।


আবু ধাবিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত: আহত ৫ ভারতীয়

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে ৫ জন আহত হয়েছেন।

আবু ধাবি মিডিয়া অফিস জানিয়েছে, খলিফা ইকোনমিক জোন আবু ধাবি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা সবাই ভারতীয় নাগরিক।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানিয়েছিল যে, তারা ওই এলাকায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে। 


যুদ্ধ শুরুর পর ইয়েমেন থেকে ইসরায়েলে প্রথম মিসাইল হামলা

ইয়েমেন থেকে একটি মিসাইল সরাসরি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। শনিবার ভোরে এ তথ্য জানায় ইসরায়েলি সেনা। মাঝপথেই সেটিকে ধ্বংস করার চেষ্টা চলছে।

প্রায় চার সপ্তাহ আগে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়ার হলো।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর একজন শীর্ষ নেতা আগেই সিএনএনকে বলেছিলেন, পরিস্থিতি বুঝলে তারাও এই যুদ্ধে জড়াতে পারেন। আমেরিকা ও ইসরায়েল যদি আক্রমণের তীব্রতা বাড়ায়, তবে ইরানের সমর্থনে লড়াইয়ে নামতে প্রস্তুত তারা।

লোহিত সাগরের সঙ্গে আন্তর্জাতিক জাহাজ-পথের অন্যতম সংযোগকারী মাধ্যম হলো ইয়েমেন উপকূলের বাব এল-মান্দেব প্রণালি। সিএনএনকে পাঠানো এক বার্তায় হুথিদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি মোহাম্মদ মনসুর বলেন, এ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টি তাদের কাছে একটি 'কার্যকর বিকল্প'।

ছবি: বিবিসি

আরব উপদ্বীপের অন্য প্রান্তে ইতিমধ্যেই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই পথ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে শিয়া ইসলামি গোষ্ঠী হুথিরা। এর পর টানা ইরানের থেকে অস্ত্র ও সামরিক সাহায্য পেয়ে এসেছে তারা। এর জেরে বর্তমানে ইয়েমেনের সবচেয়ে সুসংগঠিত সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে হুথিরা। সৌদি আরবসংলগ্ন ইয়েমেনের উত্তর-পশ্চিম সীমান্তের বিস্তীর্ণ অংশ এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলবর্তী এলাকা এখন হুথিদেরই দখলে।

গাজ়ায় ইসরায়েলি হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে গত বছরের অক্টোবর থেকেই লোহিত সাগরে আক্রমণ করে যাচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠী। ইসরায়েলকে লক্ষ্য করে ইতিমধ্যে কয়েকশোবার হামলা চালিয়েছে তারা। বাদ যায়নি আমেরিকা ও ব্রিটেন-সংশ্লিষ্ট জাহাজও। এর জেরে আন্তর্জাতিক বাণিজ্য কার্যত ব্যাহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর এই সামরিক ক্ষমতা খর্ব করার একাধিক চেষ্টা হলেও তা এই ধারাবাহিক হামলা রুখতে ব্যর্থ হয়েছে।


হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি পেল থাইল্যান্ড

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তার দেশ হরমুজ প্রণালি দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজগুলো নিরাপদে চলাচলের জন্য ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে।

অনুতিন সাংবাদিকদের বলেছেন, এই সমঝোতার ফলে থাইল্যান্ডের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দূর হবে। উল্লেখ্য, থাইল্যান্ড তাদের প্রয়োজনীয় তেলের জন্য ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স

চলতি মাসের শুরুর দিকে হরমুজ প্রণালীতে থাই পতাকাবাহী একটি কার্গো জাহাজ অজ্ঞাত উৎস থেকে আসা গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় ওমানের নৌবাহিনী জাহাজের ক্রুদের উদ্ধার করলেও তিন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা


ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের: 'তারা আমাদের পাশে নেই, আমরাও তাদের পাশে নেই'

ইউরোপীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে অস্বীকার করায় ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করছে।

ট্রাম্প ন্যাটোর অনুপস্থিতিকে একটি "বিরাট ভুল" হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক অর্থ সাশ্রয় করবে কারণ আমরা ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করি। আমরা সবসময়ই তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের আচরণের ওপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না?'

ট্রাম্প এর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে অন্য দেশগুলোকে তাদের যুদ্ধজাহাজ পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। তিনি এই অনুরোধকে 'আনুগত্যের পরীক্ষা' হিসেবে অভিহিত করেন এবং বলেন যে দেশগুলো তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, তাদের জন্য নৌযান পাঠানো একটি 'খুবই ছোট প্রচেষ্টা'।

ট্রাম্প শুক্রবার সাফ জানিয়ে দেন, 'তারা যদি আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব?'

তথ্যসূত্র: সিএনএন


তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা

ইরানের রাজধানী তেহরানের 'ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি' লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। শনিবার ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভয়াবহ আঘাত হানা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিসংখ্যান জানানো হয়নি।

ছবি: সংগৃহীত

গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাঈদ শেমকাদরি নিহত হন। সে সময় তার বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

তথ্যসূত্র: আন্দালু


ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে নতুন হামলা

ইরান জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় নতুন একটি হামলা চালানো হয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা 'আইএইএ' এই তথ্য নিশ্চিত করেছে।

ফাইল ছবি: রয়টার্স

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে সচল রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। কেন্দ্রটি বর্তমানে স্বাভাবিকভাবেই কাজ করছে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রসি সতর্ক করে বলেছেন, রিঅ্যাক্টরের ক্ষতি হতে পারে এমন যেকোনো হামলা বড় ধরনের তেজস্ক্রিয় বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি এই পরিস্থিতিতে 'সর্বোচ্চ সামরিক সংযম' প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ, স্থলবাহিনীর প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কয়েক মাসের পরিবর্তে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার তিনি জানান, কোনো প্রকার স্থলবাহিনীর ব্যবহার ছাড়াই ওয়াশিংটন তাদের সমস্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

ফ্রান্সে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে রুবিও সাংবাদিকদের বলেন, 'আমরা এই অভিযানে আমাদের নির্ধারিত সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছি বা তার চেয়েও এগিয়ে আছি। আমরা আশা করছি একটি নির্দিষ্ট সময়েই এর সমাপ্তি ঘটবে—এটি কয়েক মাসের ব্যাপার নয়, বরং কয়েক সপ্তাহের ব্যাপার।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

রুবিও যদিও বলেছেন যে পদাতিক বাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন সম্ভব, তবুও তিনি স্বীকার করেছেন যে ওই অঞ্চলে কিছু সৈন্য মোতায়েন করা হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, 'প্রেসিডেন্টকে সর্বোচ্চ বিকল্প এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা করার সুযোগ দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রুবিও এই সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন যে, যুদ্ধ শেষ হওয়ার পরেও ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ওপর 'শিপিং টোল' বা মাশুল আরোপের চেষ্টা করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, এই জলপথ দিয়ে বাণিজ্যে সুবিধা পাওয়া ইউরোপীয় এবং এশীয় দেশগুলোর উচিত এটি নিরাপদ রাখতে অবদান রাখা। এক্ষেত্রে এই রুটে যুক্তরাষ্ট্রের নির্ভরতা কম বলেও তিনি মন্তব্য করেন।

তথ্যসূত্র: রয়টার্স


হরমুজ প্রণালিকে 'ট্রাম্প প্রণালি' বললেন মার্কিন প্রেসিডেন্ট

ফ্লোরিডার মিয়ামি বিচে আয়োজিত এফআইআই প্রায়োরিটি সামিটে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে 'ট্রাম্প প্রণালি' বলে অভিহিত করেছেন।

উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, 'তাদের এটি খুলে দিতে হবে, তাদের "ট্রাম্প প্রণালী" খুলে দিতে হবে। মানে আমি বলতে চেয়েছি হরমুজ।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

এর পরপরই রসিকতা করে তিনি বলেন, 'মাফ করবেন, আমি খুবই দুঃখিত। এটা তো একটা মারাত্মক ভুল। ফেক নিউজ (ভুয়া সংবাদমাধ্যম) এখন প্রচার করবে যে, "তিনি [ট্রাম্প] ভুলক্রমে এটি বলে ফেলেছেন"। না, আমার কোনো ভুল হয় না। খুব একটা হয় না।' 

আসন্ন দিনগুলোতে ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলে দেওয়ার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। অন্যথায় তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধূলিসাৎ' করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি জানান, তেহরানের সঙ্গে 'আলোচনা চলছে', তাই তিনি তার দেওয়া চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন আরও ১০ দিন বাড়িয়ে দিয়েছেন।

তথ্যসূত্র: সিএনএন


মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে মার্কিন বিমানবাহী রণতরি জর্জ এইচ ডব্লিউ বুশ

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সামরিক কমান্ড (ইউএস সেন্ট্রাল কমান্ড)-এর আওতায় আরও একটি বিমানবাহী রণতরি 'ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ' মোতায়েন করা হচ্ছে। এই বিষয়ে অবগত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে আগে থেকেই দুটি মার্কিন বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। নতুন এই রণতরিটি আগের দুটির সঙ্গে যোগ দেবে নাকি কোনো একটির স্থলাভিষিক্ত হবে তা এখনও স্পষ্ট নয়।

ছবি: ইউএস নেভি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কিছু সামরিক বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছেন যা চলমান সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার কথাও বলছেন, যদিও সেই আলোচনার প্রকৃত অবস্থা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

তথ্যসূত্র: সিএনএন


ইসরায়েলে ইরানি মিসাইল হামলায় একজন নিহত, বহু আহত

ইরানের সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল হামলায় মধ্য ইসরায়েলে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি জরুরি উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

হামলায় ব্যবহৃত মিসাইলটিতে ক্লাস্টার বোমা ওয়ারহেড ছিল, যার ফলে বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট অসংখ্য বোমা ছড়িয়ে পড়ে।

এমডিএ জানিয়েছে, একটি স্থানে এক ষাটোর্ধ্ব ব্যক্তি নিহত হয়েছেন। অন্য একটি স্থানে অন্তত দুইজন সামান্য আহত হয়েছেন।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠক হতে পারে: মার্কিন বিশেষ দূত উইটকফ

মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহত সংঘাতের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে আশাবাদী। তিনি আরও জানান, চলতি সপ্তাহের শুরুতে প্রস্তাবিত ১৫-দফা চুক্তির বিষয়ে ইরানের উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

গত কয়েক ঘণ্টায় ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান দাবি করেছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ মাসে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক ভারী পানি প্ল্যান্টে সফলভাবে আঘাত হেনেছে।

মার্কিন বিশেষ দূত উইটকফ। ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলাগুলো বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এই আগ্রাসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন 

বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা ও আকাশপথে আসা হুমকি প্রতিহত করার খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালেস্টিক মিসাইল এবং ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

তথ্যসূত্র: বিবিসি


সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা: আহত অন্তত ১২ সেনা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের এক ভয়াবহ হামলায় ১২ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় প্রথমে ১০ জন আহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে সংখ্যাটি ১২ বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর একাধিক কর্মকর্তা।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় আহত সেনারা বিমানঘাঁটির একটি ভবনের ভেতরে অবস্থান করছিলেন। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানলে তারা হতাহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১০ জন বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও কম্পনে মস্তিষ্কে আঘাত (কনকাশন) পেয়েছেন।

ফেব্রুয়ারি ২০২৬-এ তোলা প্রিন্স সুলতান বিমানঘাঁটির স্যাটেলাইট ছবি। ছবি: প্ল্যানেট ল্যাবস পিবিসি/রয়টার্স

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন বা চালকবিহীন বিমানও (ইউএভি) এই হামলায় অংশ নেয়। এতে ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, চলমান যুদ্ধে এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রিন্স সুলতান বিমানঘাঁটি ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো। এর আগে অন্য এক হামলায় পাঁচটি রিফুয়েলিং এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন চার সপ্তাহ ধরে চলা যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 'ইন্টারসেপ্টর' বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে।

অন্যদিকে, ক্রমাগত হামলার মুখে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়েছে এবং তেহরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করছে।

তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল


 

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]