সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের
সরকারি গাড়ির পরিবর্তে প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না।'
দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম কর্মদিবসেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা গেছে। এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধ, শেরে বাংলা নগরে বাবা-মায়ের সমাধি এবং সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত গাড়িই ব্যবহার করেছেন।
আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর অসহনীয় যানজটের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে তার গাড়িবহরের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, 'এতদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সাধারণত ১৩ বা ১৪টি গাড়ি থাকলেও আজ তা কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছে।'
শপথ নেওয়ার পর প্রথম দিনের রাষ্ট্রীয় কর্মসূচিগুলোতে প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়িতে কোনো জাতীয় পতাকাও দেখা যায়নি। তবে রুমন জানান, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অথবা বিদেশি মেহমানদের সফরের সময় প্রটোকল অনুযায়ী গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।
এছাড়া জনস্বার্থ ও ট্রাফিক ব্যবস্থাপনার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করার নির্দেশ দিয়েছেন।
এর বিষয়ে রুমন বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েন। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।'
