হরতালে স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
হেফাজতের ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রামে বিভিন্ন অফিস পাড়ায় কাজকর্ম প্রায় স্বাভাবিক রয়েছে। ভোরে নগরীর বিভিন্ন সড়কে ভারি যানবাহন চলাচল কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে দেখা গেছে। তবে এখনো অবরুদ্ধ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক।
রোববার সকাল ১০ টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরের কোথাও হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি।
তবে হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বন্দরনগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে।
নগরীতে ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তবে হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না। ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক এখনো মাদ্রাসা ছাত্রদের দখলেই রয়েছে। সড়কের ওপর বাঁশ ও ইটের ব্যারিকেড দিয়ে তারা রাস্তায় অবস্থান করছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই সড়ক দিয়ে যাতায়াত করা নাজিরহাট, খাগড়াছড়ি ও রামগড়ের যাত্রীরা।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উপজেলার প্রায় সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক এখনো মাদ্রাসা শিক্ষার্থীদের দখলে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"
হেফাজতে ইসলামের প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান ফয়জী বলেন, "সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। কোথাও এখনো কোনো সমস্যা হয়নি।"
শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের জেরে হেফাজতের ইসলাম আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
