খুলনায় বিক্রি হলো ১,৩০,০০০ টাকার মাছ
১৪০ কেজি! ওজনের বিশাল মাছটির স্থানীয় নাম- কৈবল। আজ সোমবার (১ মার্চ) দুপুরের দিকে মাছটি নিয়ে আসেন ভূপাল নামের এক জেলে।
মাছটি ধরা পড়েছিল বঙ্গোপসাগরে। ভূপাল খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে সেটি বিক্রয়ের জন্যে তোলেন। পরে ৯০ জন স্থানীয় ব্যবসায়ী মিলে ১,৩০,০০০ টাকায় তার কাছ থেকে মাছটি কেনেন।
এর মধ্যে ছিলেন রূপসা বাজার সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার। তিনি বলেন, সাধারণত বাজারে বড় মাছ এলে ব্যবসায়ীরা ভাগ করে কিনে নেন। এই মাছ কম পাওয়া যায় বলে মানুষের আগ্রহ বেশি। এ কারণে বেশি দাম দিয়ে হলেও ৯০ জন মিলে কিনেছি।"
জেলে ভূপাল বলেন, "মাছটি ধরা পড়ার পর ভালো দাম পাওয়ার আশাতেই রূপসা বাজারে আনি। উৎসাহী জনতা মাছটি একনজর দেখতে ভিড় করে। ব্যবসায়ীরাও ভালো দাম দিয়েই কিনেছেন।"
স্থানীয়রা জানান, কৈবল খুবই সুস্বাদু প্রজাতির মাছ। এর আগে ২০১৯ সালে ১৩০ কেজি ওজনের একটি কৈবল মাছ আনা হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীরা প্রতি কেজি এক হাজার টাকা দরে সেটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন।
