আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়া ঠেকাতে ইসিতে রাশেদ খান
আওয়ামী লীগের পদধারী নেতা, অর্থের জোগানদাতা এবং ২০২৪ সালের 'ডামি' নির্বাচনে অংশ নেয়া ব্যক্তিরা যেন আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে, সেই দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে গণ-অধিকার পরিষদ। ১২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাশেদ খান বলেন, তারা কোনোভাবেই চান না যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বিতর্কিত বা বানচাল হোক। তাদের আশঙ্কা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচাল করার মাধ্যমে 'আরেকটি ১/১১' সৃষ্টির সুযোগ নিতে পারে। এই প্রেক্ষাপটে তাদের প্রধান দাবি: যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা আওয়ামী লীগের পদে ছিল, যারা ২০২৪ সালের নির্বাচনে ডামি স্বতন্ত্রভাবে অংশ নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের ইসির সংলাপে ডাকলে আমরা আন্দোলনে নামব।
