চবিতে সংঘর্ষের ঘটনায় যেসব সিদ্ধান্ত নিলো প্রশাসন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের ভয়াবহ সংঘর্ষে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার রাতে (৩০ আগস্ট) এক ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়, যা রবিবার সারাদিন দফায় দফায় চলে। সংঘর্ষে উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হন; তাদের মধ্যে গুরুতর আহত ১০ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। উভয়পক্ষই ধারালো অস্ত্র, লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যা আরও এক দিন অর্থাৎ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা স্থগিত করে আহতদের চিকিৎসা ব্যয় বহন, তদন্ত কমিটি গঠন ও মামলার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ও মুখোশধারী বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।
