বাংলাদেশি নারীদের ধন্যবাদ দিলেন জোহরান মামদানি
মাত্র ৩৩ বছর বয়সে নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। সে কথা মাথায় রেখেই জোহরান এবং নিউইয়র্কের একমাত্র নির্বাচিত বাঙালি কাউন্সিলর শাহানা হানিফ যৌথভাবে বাংলায় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। ২৪ জুন বাছাইপর্বে শাহানা ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশিদের ধন্যবাদ জানাতে গিয়ে জোহরান বলেন, 'যাঁরা আমার হয়ে বাংলায়, ঊর্দুতে, আরবিতে প্রচারণা চালিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশি আন্টিদের, যাঁরা আমাকে নিজের ছেলের মতো আগলে রেখেছেন, প্রচারের দায়িত্ব নিয়েছেন। তাঁদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।' জোহরানের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে।
