মাদক মামলার আসামিদের করতে হবে ‘মাদক বিরোধী প্রচারণা’: প্রবেশন রায়
মাদক বিরোধী প্রচারণার শর্তে প্রবেশন পেয়েছেন মাদক মামলার সাজাপ্রাপ্ত তিন আসামি। কক্সবাজারের চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব গত ২১ অক্টোবর এই ব্যাতিক্রমী রায় ঘোষণা করেন। প্রবেশন শর্তে রয়েছে- এই তিন আসামিকে 'আদালত প্রাঙ্গন, চকরিয়া ট্রাফিক পুলিশ বক্স ও ১৫ টি বিদ্যালয়ে নির্ধারিত তারিখ ও সময়ে মাদক দ্রব্য বিরোধী প্রচারণা চালাতে হবে। চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি ও এপিপি এ্যাডভোকেট শহীদুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের তথ্যমতে, ২০১৭ সালের ২৪ আগস্ট চকরিয়ার সোসাইটি পাড়ার নিজেদের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ আটক হন তিনজন। এরমধ্যে মো. রাজীবের কাছ থেকে ২১ পিস ইয়াবা, মিনু আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম গাজা এবং মমতাজ বেগমের কাছ থেকে ২৫০ গ্রাম গাজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। মামলা নম্বর জি আর ৪৫৩/১৭।
দীর্ঘ তিন বছর পর বিচার শেষে রায় ঘোষণার মাধ্যমে তিন আসামিকে দন্ডিত করে দন্ডের পরিবর্তে ১ বছরের প্রবেশন দেয় আদালত।
প্রবেশনের শর্তে উল্লেখ রয়েছে- 'দন্ডপ্রাপ্ত আসামিরা নির্ধারিত তারিখ ও সময়ে এবং নির্ধারিত স্থানে দাড়িয়ে দাড়িয়ে সুস্পষ্টভাবে মাদক বিরোধী প্রচারানাকালে নিমোক্ত শব্দাবলি ব্যবহার করবেন, 'সুধীজন, মাদক বিক্রয়, পরিবহন ও সেবন একটি আইনি অপরাধ। এই অপরাধ করলে আইনে কঠোর শাস্তির বিধান আছে। মাদক বিক্রয়, পরিবহন ও সেবন একটি সামাজিক অপরাধ। এই অপরাধে জড়িত ব্যক্তিরা সমাজ ও পরিবারের ঘৃণিত ব্যক্তি হয়। তাদের এটি আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হয়। মাদক সেবন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট করে এবং শরীরে দূরারোগ্য ব্যাধিসহ নতুন নতুন রোগের বাসা বাধে। মাদক সেবনের ফলে আমাদের তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হয় যার ফলাফল পুরো জাতিকে ভোগ করতে হয়।
আমরা আপনাদের কাছে অনুরোধ করছি- আপনারা মাদক বিক্রয়, পরিবহন ও সেবন থেকে বিরত থাকবেন এবং আপনাদের সন্তান, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশিদেরকেও বিরত থাকতে বলবেন। না হয়, ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।
তাই মাদককে 'না' বলুন; মাদক কে ঘৃণা করুন।
আমরাও ভবিষ্যতে কখনো মাদক বিক্রয়, পরিবহন ও সেবন করব না।'
শর্তে আরো উল্লেখ করা হয়েছে- অক্টোবর ২০২০ হতে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রত্যেক মাসের প্রতি রবিবার ও বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চকরিয়া আদালত প্রাঙ্গনে স্থিত 'চকরিয়া এ্যাডভোকেট এসোসিয়েশন' কার্যালয়ের সামনে উপর্যুক্ত স্থানে সকল আসামি হাজির হয়ে স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড মাইক ব্যবহার করে মাদক বিরোধ এই প্রচারণা চালাবেন।
অক্টোবর ২০২০ হতে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রত্যেক মাসের প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চিরিংগা, চকরিয়াস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে একইভাবে প্রচারণা চালাবেন। এছাড়া চকরিয়াসহ জেলার ১৫ টি বিদ্যালয়ে নির্ধারিত তারিখ ও সময়ে এই প্রচারণা চালাতে হবে।
