ডেঙ্গু রোগী কমছে
রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। গত দুই সপ্তাহে হাসপাতালে প্রতিদিন নতুন রোগীর সংখ্যা গড়ে দুই হাজার ছাড়িয়ে গেলেও এখন তা দেড় হাজারে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭২ জন। এর আগের ২৪ ঘণ্টায় যা ছিলো ১ হাজার ৬১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৪১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৩ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এর আগে ১৯ আগস্ট সকাল ৮টা থেকে ১৮ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ৬ হাজার ৭৩৩ জন। তার মধ্যে ঢাকায় ছিলেন ৩ হাজার ৪১৯ জন এবং ঢাকার বাইরে ছিলেন সাড়ে ৩ হাজার ৩১৪ জন।
১৮ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ডেঙ্গু রোগী ছিলেন ৭ হাজার ১৬৮ জন। তার মধ্যে ঢাকায় ছিলেন ৩ হাজার ৬৬৮ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৩ হাজার ৫০০ জন।
গত কয়েকদিনে ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও ডেঙ্গুর প্রকোপ কমছে বলে এখনি বলা যাচ্ছে না। কারণ জুনে ডেঙ্গুর মৌসুম শুরু হয়, যা ব্যাপকতা পায় পায় সেপ্টেম্বরে। আর অক্টোবরে তা কমতে থাকে। সে হিসাবে ডেঙ্গুর ‘পিক টাইম’ এখনও শুরু হয়নি।
এ বছর বর্ষার শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরজুড়ে যত ডেঙ্গু রোগী ছিল, এবার আগস্টের শুরুতেই তা ছাড়িয়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশের হাসপাতালে ৫৬ হাজার ৩৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আগস্টের ২০ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৬ হাজার ৩৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ৭০ জনের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া সম্পন্ন করে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে বেসরকারি তথ্য বলছে এ সংখ্যা ১৪০ ছাড়িয়েছে।
এর আগে ২০০০ সালে সারাদেশে সবচেয়ে বেশি ৯৩ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল।
ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর ও শরীয়তপুরে আরো দুই জন মারা গেছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেব আলী (৩৫) নামে এক রিকশাচালক মারা যান।
সাহেব আলী রাজবাড়ী সদর উপজেলার মাটিকান্দা এলাকার মনসের আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।
সোমবার রাত ৩টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সুরাইয়া ইয়াসমীন (৩১) নামে এক নারী ডেঙ্গুতে মারা যান।
তিনি উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের কামাল ঢালির স্ত্রী।
শনিবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় সুরাইয়ার ডেঙ্গু ধরা পড়ে। তারপর তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। সোমবার রাত ৯টার দিকে তাকে বাড়ি নিয়ে যায় তারা। এরপর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
