এক ব্যাগ রুটির জন্য দুই ঘণ্টার অপেক্ষা!
গত সাত দিনের সহিংসতায় গাজা উপত্যকায় একের পর এক বোমাবর্ষণ করছে ইসরায়েল। এতে একদিকে নিহতের সংখ্যা যেমন ব্যাপকভাবে বাড়ছে; তেমনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু বাসিন্দা।
এদিকে প্রকট হয়ে উঠছে খাবারের সংকট। আস্তে আস্তে বেকারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে; যে কয়টি খোলা আছে, তার বাইরেও ক্ষুধার্তদের দীর্ঘ সারি।
"পরিবারের জন্য রুটি পেতে অপেক্ষা করছি। কিন্তু প্রতিবারই লম্বা লাইন দেখে অবাক হয়ে যাচ্ছি। এ পর্যন্ত চারটি ভিন্ন বেকারিতে গিয়েছি, এবং প্রত্যেকটির বাইরেই দীর্ঘ সারি", আল জাজিরাকে বলেন খান ইউনিসের বাসিন্দা ইয়াদ আবু মুতলাক।
"এই পরিস্থিতিতে কী করব জানি না", যোগ করেন তিনি।
খান ইউনিসের আরেক বাসিন্দা আশরাফ ফাহমি আবু হামাদ বলেন, পরিস্থিতি সত্যিই ভয়াবহ।
তিনি বলেন, "দেখতে পাচ্ছেন, লোকজন অপেক্ষা করে আছে; কিন্তু আটা, পানি, তেল কোনোকিছুই নেই। পরিস্থিতি খুব কঠিন।"
"এক ব্যাগ রুটি পেতে আমাদের এক বা দুই ঘণ্টাও অপেক্ষা করতে হচ্ছে। বেকারিগুলোতে আর ময়দা নেই। আজ কিংবা আগামীকাল রুটি পাবো কি-না, তা আমাদের কারো জানা নেই", বলেন আবু হামাদ।
