বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো অর্ধকোটি
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৯০ হাজার ৬৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিন লাখ ২৯ হাজার ৭৫৪ জন।
করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এই ওয়েবসাইটের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৯০ হাজার ছাড়ায়। সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে।
অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ২৫ হাজার ৭১৬ জন।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৩৯ জন এবং মৃতের সংখ্যা ৯৪ হাজার ৯৯৪ জন।
অন্যদিকে রাশিয়ায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন এবং মৃতের সংখ্যা ২ হাজার ৯৭২ জন।
এছাড়া ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, ইরান, ভারত ও পেরুতে শনাক্তকৃত রোগীর সংখ্যা এক লাখের বেশি।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন।
চীনের উহানে গত ৩১ ডিসেম্বর মানুষের অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে হিসাবে সংক্রমণ ছড়ানোর ১৪২ দিনে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়াল।
